স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক কমিটি চলতি মাস থেকেই তাদের দায়িত্ব শুরু করেছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের এই প্যানেল ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল নির্বাচন করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে একাদশ নির্বাচন প্রক্রিয়াতেও এই নির্বাচক প্যানেলের মতামত নেওয়া হয়েছে। হাবিবুল বাশারের মতে, এটিই হওয়া উচিত স্বাভাবিক প্রক্রিয়া।
বাংলানিউজকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এটা আসলে নতুন কিছু না, স্ট্যান্ডার্ড প্রসিডিউর। একাদশ গঠনের মূল সিদ্ধান্ত থাকবে কোচ ও অধিনায়কের হাতে। তবে নির্বাচকদেরও একটা মতামত থাকবে। সেই মতামত তারা নিতে পারে, আবার নাও নিতে পারে।’
এর আগে দল ঘোষণার সংবাদ সম্মেলনেও তিনি একাদশ নির্বাচনে নির্বাচকদের সম্পৃক্ততার পক্ষে মত দিয়েছিলেন। তার মতে, এতে দল গঠন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ হয়।
এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘একাদশেও আমাদের মতামত থাকবে, তবে সেটা চাপিয়ে দেওয়ার মতো কিছু না। কোচ-অধিনায়কই মূল দায়িত্বে থাকবেন। কিন্তু আমাদের কথা বলার সুযোগ থাকবে এবং এই বিষয়টিতে কারও কোনো আপত্তি নেই।’
বিশ্বের বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই স্কোয়াড নির্বাচনের পাশাপাশি একাদশ নির্ধারণেও নির্বাচকদের কিছু ভূমিকা থাকে। কোথাও কোথাও নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবেও কাজ করেন। বাংলাদেশে আগে এই বিষয়টি এতটা কাঠামোবদ্ধ ছিল না, যা নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে।
নতুন এই প্রক্রিয়া নিয়ে কোনো দ্বন্দ্বের সম্ভাবনা দেখছেন না হাবিবুল বাশার, ‘এটা কোনো সাংঘর্ষিক বিষয় না। আমরা যখন স্কোয়াড করি, তখনও কোচ ও অধিনায়কের মতামত থাকে। আবার একাদশ করার সময় কোচ-অধিনায়ক দল সাজাবেন, আমরা কিছু ইনপুট দেব..এটাই স্বাভাবিক সমন্বয়।’
জবাবদিহিতার প্রশ্নে তিনি আরও যোগ করেন, ‘এখানে বিষয়টা এমন না যে আলাদা করে কারও ওপর দায় চাপানো হবে। আমরা সবাই মিলে দল গঠনের অংশ থাকব। একাদশও সবার সম্মিলিত সিদ্ধান্ত হিসেবেই দেখা হবে।’











































