Home আঞ্চলিক দোকানের বাকি লেনদেন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

দোকানের বাকি লেনদেন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

0

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের শৈলকুপায় দোকানের বাকি লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর এলাকার খালধারপাড়ায় আব্দুর রাজ্জাক মাতুব্বর ও শাহজাহান মাতুব্বরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ’দীর্ঘদিন ধরে চলা দোকানের বাকি লেনদেন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এই বিরোধের জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ’বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’