স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগের ৬৪তম মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। যা পুরো লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারত।
কিন্তু ভিডিও সহকারি রেফারি হস্তক্ষেপ করে মূল রেফারি মাউরিজিও মারিয়ানিকে জানান যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।
লিভারপুল কোচ আর্না স্লটের মতে, এটি যেন পুরো মৌসুমজুড়ে তাদের ভাগ্যেরই প্রতিচ্ছবি।
ডাচ এই কোচের অভিযোগ, একই ধরনের পরিস্থিতিতে তাদের বিপক্ষে পেনাল্টি দেওয়া হয়েছে, যেখানে খুব সামান্য সংস্পর্শ থাকলেও ভিডিও সহকারি রেফারি হস্তক্ষেপ করেনি।
খেলা পুনরায় শুরুর পাঁচ মিনিট পর উসমান দেম্বেলে গোল করেন। এরপর পিএসজি ম্যাচে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জয় পায়।
ম্যাচ শেষে স্লট বলেন, ‘আমি অবাক হইনি। এই মৌসুমে আমাদের বিপক্ষে অনেক সিদ্ধান্ত গেছে। বিষয়টি খুবই সহজ—রেফারি যদি পেনাল্টি না দিতেন, তাহলে ভিডিও সহকারি রেফারি কখনোই সেটি বদলাত না। আমি অনেক হালকা সংস্পর্শে পেনাল্টি দিতে দেখেছি। কিন্তু তখন বলা হয়, সংস্পর্শ থাকলে ভিডিও সহকারি রেফারি হস্তক্ষেপ করতে পারে না। আমরা ঠিক সেটিই দেখছি।’










































