Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় অপারেশনে ২ নারীর মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গায় অপারেশনে ২ নারীর মৃত্যুর অভিযোগ

5

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশনের পর দুই নারীর মৃত্যুর অভিযোগে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ক্লিনিকের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের একটি যৌথ দল ক্লিনিকটিতে অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা যায়, ’গত ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা শহরের থানা রোডে অবস্থিত ফাতেমা ক্লিনিকে অপারেশনের পর জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যু হয়।’

এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান বলেন, ’সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।’