Home আঞ্চলিক ঝিনাইদহ সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

2

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর পাড়ে ধানক্ষেতের পাশ থেকে কাদাপানি মাখা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার (১৩ এপ্রিল) রাতে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ‘বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে লাশটি পড়ে ছিল। পরে মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ‘

মহেশপুর থানা ও বিজিবি পৃথক সূত্র জানিয়েছে, ’নিহত যুবকের পরিচয় এখনো শণাক্ত করা যায়নি। স্থানীয় কোনো ব্যক্তি নিখোঁজ আছে বলেও কোনো অভিযোগ থানা পুলিশ ও বিজিবির কাছে নেই। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ‘

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ’অজ্ঞাত লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। গত কয়েকদিনে মহেশপুর বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনাও ঘটেনি।’

যেহেতু লাশটি জিরো লাইনের ৫০ গজ দূরে বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে সেহেতু এটি সীমান্ত কেন্দ্রীক ঘটনা কিনা তা নিশ্চিত না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ’ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’