Home Lead আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষ

আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষ

4


স্টাফ রিপোর্টার||
খুলনায় আজ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩| পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে সূচিত হয়েছে নতুন বছরের পথচলা| সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরজুড়ে শুরু হয় বর্ষবরণের নানা আয়োজন, ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাসের আবহ|


গতকাল চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয়| আজ সকালে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলো আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার| নগরীর প্রধান সড়কগুলো রঙিন সাজে সজ্জিত হয়ে ওঠে, মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো শহর|


জাসাস, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সরকারি বিএল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে| এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং ঐতিহ্যবাহী হালখাতা অনুষ্ঠান|


বিভিন্ন উন্মুক্ত স্থানে বসেছে বৈশাখী মেলা| গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, পিঠা-পুলি, খেলনা ও হস্তশিল্পের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা| শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন এসব মেলায়| ‘শান্তি, মানবতা ও সম্প্রীতি’ প্রতিপাদ্যে খুলনার সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান| সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হচ্ছে ‘এসো হে বৈশাখ’সহ বিভিন্ন দেশাত্মবোধক গান| লোকজ ঐতিহ্যের প্রতীক হিসেবে শোভাযাত্রায় স্থান পেয়েছে বাঘ, ময়ূর, ঘোড়া, পায়রা ও মোরগের প্রতিকৃতি, যা বহন করছে শক্তি, শান্তি ও নতুন জীবনের বার্তা|

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে নগরীতে নিরাপত্তা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ| গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়| নববর্ষের এই দিনে খুলনাবাসী নতুন আশা ও উদ্দীপনায় বরণ করে নিচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দকে| সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও আনন্দের বন্ধনে আবদ্ধ হয়ে তারা প্রত্যাশা করছে একটি শান্তিময় ও সমৃদ্ধ আগামী দিনের|