Home আঞ্চলিক খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

92

স্টাফ রিপোর্টার।।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. রফিকুস সালেহীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১২ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর সানুগ্রহ অনুমোদনক্রমে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি অবসর গ্রহণের পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এবং জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নতুন উপাচার্য নিয়োগের খবরে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।