বিনোদন ডেস্ক।।
জোসেফ বিজয় অভিনীত সিনেমা জন নায়ক। এটি তার শেষ সিনেমা হওয়ার কথা। পরিচালনা করেছেন এইচ বিনোদ। সিনেমাটি নিয়ে নাটকের শেষ হচ্ছে না। আদালতে মামলা চলেছিল বেশ কিছুদিন। সিনেমা মুক্তির তারিখ পেছাচ্ছে বারবার। এবার ফাঁস হলো সিনেমার ফুটেজ।
গত ৯ এপ্রিল রাতের দিকে সিনেমাটির কিছু ফুটেজ ফাঁস হয় এবং পরে জানা যায়, পুরো সিনেমাটিই অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ হতাশাজনক ঘটনার মাঝে সিনেমাটির প্রধান অভিনেত্রী পূজা হেগড়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা হেগড়ে ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতে দেখা খুবই কষ্টদায়ক, কারণ এতে সিনেমার প্রতিটি শিল্পী ও টেকনিশিয়ানের প্রাপ্য সম্মান নষ্ট হয়।’ তিনি দর্শকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সিনেমাটির থিয়েটার রিলিজের জন্য অপেক্ষা করতে এবং থালাপতি বিজয়ের শেষ সিনেমাটি সঠিকভাবে উদযাপন করতে।
পূজা লিখেছেন, ‘আমার প্রিয় দর্শকের উদ্দেশে বলছি। একটি সিনেমা অসংখ্য ঘণ্টার পরিশ্রম, সৃজনশীল ঝুঁকি, ব্যক্তিগত ত্যাগ ও একটি দলের নিরলস প্রচেষ্টার ফল। আমাদের সিনেমাটি অনলাইনে ফাঁস হতে দেখা শুধু আমার জন্য নয়, এতে জড়িত প্রতিটি মানুষের জন্যই কষ্টদায়ক। এটি অবৈধভাবে ফাঁস ও শেয়ার হতে দেখা কষ্টের। এ ধরনের ঘটনা প্রতিটি শিল্পী ও টেকনিশিয়ানের প্রাপ্য সম্মান কেড়ে নেয়। তাছাড়া আমরা কি সবাই মিলে একসঙ্গে বড় পর্দায় বিজয় স্যারের শেষ সিনেমাটি উদযাপন করার যোগ্য নই? তাই আসুন, আমরা সঠিকভাবে এটি দেখি। অপেক্ষা করি। সময়মতো এটি মুক্তি পাবে। পাইরেসিকে উৎসাহ দেব না, এভাবেই সিনেমা ও শিল্প টিকে থাকবে।’
পূজা হেগড়ের এ পোস্টের পর আরো বেশ কয়েকজন তারকা জননায়ক ফাঁস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।









































