Home খেলাধুলা সূর্যবংশী ভারতীয় দলে খেললে পাত্তা পাবেন না অভিষেক, দাবি সাবেক পাক ক্রিকেটারের

সূর্যবংশী ভারতীয় দলে খেললে পাত্তা পাবেন না অভিষেক, দাবি সাবেক পাক ক্রিকেটারের

10

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ এক সাহসী মন্তব্য করেছেন। তার দাবি, ভারতের উদীয়মান তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ভবিষ্যতে এতটাই আলো ছড়াবেন যে প্রতিষ্ঠিত তারকা অভিষেক শর্মাকেও ছাপিয়ে যাবেন।

আইপিএল ২০২৬ মৌসুম নিয়ে কথা বলতে গিয়ে তানভীর বলেন, ‘সূর্যবংশী যখন ভারতের হয়ে খেলবে, মানুষ অভিষেক শর্মাকে ভুলে যাবে। এমনকি দুজন একসঙ্গে ব্যাট করলেও অভিষেক তার ধারেকাছেও থাকবে না।’

তিনি আরো যোগ করেন, সূর্যবংশীর ব্যাটিং দেখলে দর্শকদের চোখ শুধু তার দিকেই থাকবে। তবে পরে নিজের মন্তব্য কিছুটা নরম করেন এই সাবেক পেসার।

তিনি স্বীকার করেন, দীর্ঘ সময় ধরে এমন পারফরম্যান্স ধরে রাখা কঠিন হতে পারে। ‘১০ বছরের জন্য সে একইভাবে খেলবে কি না, সেটা এখনই বলা যায় না। আমি বর্তমান পারফরম্যান্সের কথা বলছি,’—বলেন তানভীর।

মাত্র ১৫ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে আইপিএল কাঁপিয়ে দিচ্ছেন সূর্যবংশী। চার ইনিংসে ২০০ রান করে ইতিমধ্যেই অরেঞ্জ ক্যাপ দৌড়ে শীর্ষে তিনি। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আরো চমকপ্রদ বিষয় হলো, জাসপ্রিত বুমরাহ ও জস হ্যাজলউডের মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন।

অন্যদিকে, অভিষেক শর্মা এখন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টি-টোয়েন্টি ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার চলতি মৌসুমে ১৮২ রান করেছেন এবং সম্প্রতি পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।