স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় ধারালো অস্ত্রাঘাতে মোঃ সোনামিয়া (৩৮) নামে এক তাঁতীদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো ধারালো অস্ত্রা দিয়ে তার ডান হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার পিতার নাম জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল-এর খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।











































