স্পোর্টস ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছে না ইরানের। ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে, তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার আবেদনের বিষয়ে ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তারা অংশগ্রহণ নিশ্চিত করবে না।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যে ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকার সরাসরি সামরিক সংশ্লিষ্টতাকে কারণ হিসেবে দেখিয়ে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের দাবি জানায় ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।
নিজেদের অবস্থান অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়ে দানিয়ামালি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে খেলা স্থানান্তরের অনুরোধটি এখনও বহাল রয়েছে। তবে আমরা ফিফা থেকে কোনো সাড়া পাইনি। আবেদনটি গ্রহণ করা হলে তবেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে।’
তিনি আরও জানান, ’ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে তারা দলকে প্রস্তুত রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের সরকার। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী হবে। তবুও নিজেদের অবস্থান থেকে এক চুল নড়ছে না ইরান।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মাসে ইরানি দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়ে বলেন, ’তাদের ‘জীবন ও নিরাপত্তার’ বিষয়টি নিয়ে শঙ্কা থাকতে পারে। যদিও পরে তিনি স্পষ্ট করেন যে, সেই হুমকি যুক্তরাষ্ট্র থেকে আসবে না। তবে ইরানের ক্রীড়ামন্ত্রী এই নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যথেষ্ট সন্দিহান।’
বর্তমান সূচি অনুযায়ী, ‘জি’ গ্রুপে ইরানের নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন না হলে ইরান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।











































