গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার এ জরিমানা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, ’টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ভোক্তা পর্যায়ে পরিমাপে তেল কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় লিটারে তেলের পরিমাণ কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ (ক) ধারা অনুযায়ী টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ’তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন, ডিজেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপি করছিলেন এমন অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে।’
তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হাওদার আরও বলেন, ‘বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ও খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়।’
এছাড়াও, নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮, পেট্রোলিয়াম আইন ২০১৬ প্রভৃতি আইনে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান রয়েছে।










































