স্টাফ রিপোর্টার।।
মিথ্যা তথ্য দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করায় খুলনায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মেসার্স শিকদার ফিলিং স্টেশন অ্যান্ড সিএনজি পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। মেট্রো শাখা এনএসআই, খুলনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স গালিব অয়েলের স্বত্বাধিকারী মো. আব্দুল জব্বার (পিতা: মৃত আবুল কালা মিয়া), বাসা- ৯/২ শের-ই বাংলা রোড, ময়লাপোতা, খুলনা—জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন বিদ্যালয়ের নামে মিথ্যা তথ্য দিয়ে জ্বালানি তেল ক্রয়ের চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান। আদালত তাকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে নগদ অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না মর্মে ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































