বিশেষ প্রতিনিধি ॥
খেলার মাঠ থেকে সরে যাওয়ায় উঠতি বয়সী ছেলেরা সুযোগ পাচ্ছেনা শরীর চর্চার। বিনোদন বিমূখতায় হতাশায় গ্রাস করে ফেলছে তাদের। ফলে তারা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা ধরনের সামাজিক অবক্ষয়ে। এ থেকে যুব সমাজকে বাঁচাতে ঝিনাইদহ কালীগঞ্জের চাপালী যুবসংঘ আয়োজন করেছে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের। যেখানে অংশ গ্রহন করবে জেলা ও উপজেলা পর্যায়ের তারকাখচিত ৮ টি ফুটবল দল। চাপালী পাবলিক লাইব্রেরিতে মঙ্গলবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলার ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,এম, শাহাজাহান আলী সাজু,সম্পাদক সাবজাল হোসেন, প্রেসক্লাব অপর অংশের সম্পাদক নয়ন খন্দকারসহ কালীগঞ্জের কর্মরত সাংবাদিক, টুর্ণামেন্টের আহবায়ক বাবর আলী, যুবসংঘের সাধারন সম্পাদক আব্দুর রহিম,সমাজসেবক নজরুল ইসলাম প্রমূখ। এর আগে টুর্ণামেন্টের আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের কৃতি সন্তান দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান। লিখিত বক্তব্যে বলা হয়,বুধবার বেলা ৩ টায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার খেলার উদ্বোধন ঘোষনা করবেন। সাথে সাথে লেখনির মাধ্যমে টুর্ণামেন্টকে আরও আকর্ষনীয় ও উপভোগ্য করে তুলতে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।











































