Home Lead খুলনা নগরীতে দুই মাসে ৮ খুন, গুলিতে অর্ধশতাধিক আহত

খুলনা নগরীতে দুই মাসে ৮ খুন, গুলিতে অর্ধশতাধিক আহত

69

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত দুই মাসে নগরীতে অন্তত ৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫টি ঘটনায় ভিকটিমদের গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটছে। নগরীতে সক্রিয় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এসব হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বর্তমানে মহানগরীতে অন্তত ৬ থেকে ৭টি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ রয়েছে।

এদিকে আহতদের বেশিরভাগকে চিকিৎসা দেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, “সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধু পুলিশের ওপর দায় চাপিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি অপরাধ দমনে বাহিনীকে আরও দক্ষ ও চৌকস হওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, “অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তবে অনেক সন্ত্রাসী জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।”

জানা গেছে, এসব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসী দ্রুত কঠোর আইন প্রয়োগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।