Home আঞ্চলিক খুলনায় জ্বালানি তেলের সংকট: পাম্পে ‘তেল নাই’ সাইনবোর্ড

খুলনায় জ্বালানি তেলের সংকট: পাম্পে ‘তেল নাই’ সাইনবোর্ড

12

স্টাফ রিপোর্ট।।

খুলনায় জ্বালানি তেল এখন যেন দুষ্প্রাপ্য ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদ থাকার দাবি করা হলেও বাস্তবে খুলনা বিভাগজুড়ে পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার দেখা যাচ্ছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় অনেক পাম্পে বিক্রি বন্ধ করে ‘তেল নাই’ লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে।

জানা গেছে, শুধু খুলনা মহানগরী নয়, বিভাগের বিভিন্ন এলাকায়ও একই চিত্র দেখা যাচ্ছে। দু-একটি পাম্পে সীমিত পরিমাণ পেট্রোল পাওয়া গেলেও অকটেন ও ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের তীব্র সংকট রয়েছে। যেসব পাম্পে অল্প পরিমাণ তেল পাওয়া যাচ্ছে, সেখানে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে।

এদিকে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে কিছু গ্রাহক পাম্প কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বাইপাস সড়কের মেসার্স মারিয়া ফিলিং স্টেশনে পুলিশ পাহারায় তেল বিক্রি করতে দেখা গেছে।

সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে অতিরিক্ত তেল মজুদের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা সংকটকে আরও তীব্র করছে।

নগরীর পাওয়ার হাউস মোড়ের কেসিসি পেট্রোলিয়াম লিমিটেডে তেল নিতে আসা শাহ নেওয়াজ জানান, মঙ্গলবার দিন ও রাতে কোন পাম্পে তেল পাইনি। বুধবার সকালে বিভিন্ন পাম্পে ঘুরে শেষ পর্যন্ত একটি পাম্পে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ৫০০ টাকার তেল নিতে পেরেছি।

সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা হাসান বলেন, কোন পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। খুলনায় জ্বালানি তেল এখন সত্যিই সোনার হরিণ হয়ে গেছে।

এ বিষয়ে খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির কোষাধ্যক্ষ এস এম মুরাদ হোসেন বলেন, ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। এ কারণে পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। এছাড়া কেউ কেউ একাধিকবার তেল নেওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে যাচ্ছে। একজন যদি একাধিকবার তেল নেয় তাহলে অন্য গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।

সংশ্লিষ্টরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।