খুলনাঞ্চল রিপোর্ট।।
খুলনা মহানগরীর নিরালা মোড় থেকে রূপসা সেতু বাইপাস সড়ক পর্যন্ত নতুন একটি সংযোগ সড়ক নির্মাণ করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। আড়াই কিলোমিটারের কিছু বেশি দৈর্ঘ্যের সড়কের প্রাথমিক ব্যয় ছিল ৮০ কোটি টাকা। প্রস্তাবিত সড়কটির নিরালা দিঘিরপাড়েই রয়েছে কেসিসির কবরস্থান ও নিরালা খাল। এই খাল ও কবরস্থান অতিক্রমের জন্য এখন নির্মাণ করা হচ্ছে ৩০০ মিটার দৈর্ঘ্যের উড়াল সড়ক। এতে বাড়তি ব্যয় হচ্ছে ৬০ কোটি টাকা। সবমিলিয়ে ২.৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের পেছনে কেডিএর ব্যয় ১৫৬ কোটি টাকা। প্রতি কিলোমিটার ৫৭ কোটি টাকা ব্যয় করে খুলনার সর্বোচ্চ ব্যয়ের সড়ক হতে যাচ্ছে এটি।
বিপুল ব্যয়ে নির্মিত এই উড়াল সড়কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, মৃতপ্রায় নিরালা খালে ডিঙি নৌকা ছাড়া বড় নৌযান চলাচলের কোনো সম্ভাবনা নেই। মাঝারি আকারের কালভার্ট তৈরি করলেই পানি নিষ্কাশন ও নৌকা চলাচল স্বাভাবিক থাকত। কবরস্থানে যাতায়াতের জন্যও তো সড়ক প্রয়োজন। সেখানে উড়াল সড়ক নির্মাণ করে ৬০ কোটি টাকা গচ্চা দেওয়ার যৌক্তিকতা নেই।
এ ছাড়া খাল সংস্কার প্রকল্পের আওতায় খুলনা সিটি করপোরেশনও (কেসিসি) নিরালা খালের ওপর তিনটি সেতু (প্রকল্পের ভাষায় লাইট ট্রাফিক ব্রিজ) নির্মাণ করবে। খালের পানি থেকে ৭ ফুট উচ্চতায় নির্মিত প্রতিটি সেতুর নির্মাণ ব্যয় হচ্ছে এক কোটি ৬০ লাখ টাকা। তারপরও একই খালের ওপর ৬০ কোটি টাকা দিয়ে কেডিএর ওভারপাস নির্মাণকে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় বলছেন সবাই।
স্থানীয়রাও এই উড়াল সড়ক নিয়ে ক্ষুব্ধ। কারণ ভায়াডাক্টের কারণে সড়কটি আড়াই-তিন ফুটের মতো উঁচু করতে হচ্ছে। এতে নিরালা আবাসিক এলাকার সব সড়ক, ভবন নিচু হয়ে গেছে। এতে আগামী বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী।
কেডিএ সূত্র জানায়, সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়কে সংযুক্ত করে লিংক রোড নির্মাণ প্রকল্পের আওতায় খুলনায় নতুন তিনটি সড়ক নির্মাণ হচ্ছে। প্রায় ৭১৭ কোটি টাকার এই প্রকল্পের প্রথম সড়কটি নিরালা মোড় থেকে ১ নম্বর সড়ক হয়ে দিঘির পাশ দিয়ে শহর বাইপাস (রূপসা সেতু অ্যাপ্রোচ) সড়কে গিয়ে মিশবে। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ৬০ ফুট চওড়া এবং চার লেন হবে। নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৮০ কোটি টাকা।
প্রকল্পের প্রথম পর্যায়ে খালের ওপর কালভার্ট নির্মাণের পরিকল্পনা ছিল। ২০০০ সালের দিকে প্রকল্প সংশোধন করা হয়। তখন সিদ্ধান্ত হয় খাল ও কবরস্থানের ওপর ওভারপাস নির্মাণের। খালের সাড়ে ৫ মিটার উঁচুতে ৮০ মিটারের ওভারপাস নির্মাণ করতে গিয়ে দুই পাশে আরও ২২০ মিটার ভায়াডাক্ট তৈরি করতে হয়েছে। এতে মোট ওভারপাসের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩০০ মিটার। এ জন্য ২০২৪ সালের ১৪ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। ইতোমধ্যে ৭০ ভাগ কাজ শেষ করেছে। অর্ধেক টাকা তুলে নিয়েছে ঠিকাদার। আগামী ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে হবে।
সরেজমিন দেখা যায়, ওভারপাসের মূল অংশের কাজ শেষ। দুই পাশে ভায়াডাক্টের কাজ চলছে। সড়ক নির্মাণের জন্য মালপত্র আনা-নেওয়া করতে কবরস্থান ও খালের একপাশ ভরাট করা হয়েছে। সেই অংশ দিয়ে প্রচুর ট্রাক চলাচল করছে। নিরালা খালের কাছে গিয়ে দেখা যায়, কাগজকলমে ৯০-১২০ মিটার থাকলেও বাস্তবে খালটি ১০-১২ ফুটের নালায় পরিণত হয়েছে। খালের উজান ও ভাটিতে নৌযান চলাচলের মতো অবস্থা নেই।
নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সবুর বলেন, ‘সেতু ও সড়ক নির্মাণের মালপত্র নিয়ে পাশে রাস্তা তৈরি করেছে। খালের জায়গায় কালভার্ট করে স্থায়ী রাস্তা বানালেই চলত। বিশাল ব্রিজের দরকার কী ছিল বুঝলাম না।’
নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স খুলনা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ বলেন, ‘উড়াল সড়কটি যদি খালের সরু অংশ অতিক্রমের উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে ১৫ মিটার উচ্চতার প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যের কাঠামো কতটা প্রয়োজনীয় তা স্পষ্ট করা জরুরি। খালের ওই অংশে বড় নৌযান চলাচল করে না। সে ক্ষেত্রে ১৫ মিটার উচ্চতার ক্লিয়ারেন্স আদৌ প্রয়োজন ছিল কিনা, তা প্রশ্নসাপেক্ষ।’
তবে প্রকল্প পরিচালক ও কেডিএর নির্বাহী প্রকৌশলী মোর্ত্তজা আল মামুন বলেন, ‘নকশা প্রণয়নের সময় দেখা গেল সড়কের মধ্যে একটি কবরস্থান ও খাল। তখন তৎকালীন মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কবরস্থান ও খালের ওপর উড়াল সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন। খালের ওপর সেতু নির্মাণের জন্য নেভিগেশন ক্লিয়ারেন্স নিতে হয়েছে। এ জন্য পানি থেকে সাড়ে ১৫ মিটার উঁচুতে উড়াল সড়ক নির্মাণ হচ্ছে। উঁচু ওভারপাস ও দুপাশে ঢাল তৈরির জন্য দৈর্ঘ্য ৩০০ মিটার হয়েছে।’
নিরালা খাল খনন ও স্পার বাঁধাইয়ে প্রকল্পের পরিচালক এবং কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার বলেন, ‘পানি থেকে ৭ ফুট উঁচুতে আমরা তিনটি সেতু করব। কেডিএ কেন খালের সাড়ে পাঁচ মিটার উঁচুতে উড়াল সড়ক করতে গেল এটা তারাই বলতে পারবে। এটার প্রয়োজন ছিল না।’-সমকাল











































