Home আঞ্চলিক রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ, স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে

রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ, স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে

114

স্টাফ রিপোর্টার।।

খুলনার রূপসা নদীতে নৌকাভ্রমণের সময় স্ত্রীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী-স্ত্রী দু’জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের কোতোয়ালী থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রাসেল তার স্ত্রী রুমা আক্তার হাসিকে নিয়ে খুলনায় বেড়াতে আসেন। বিকেলে তারা রূপসা ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে খানজাহান আলী (রহ.) সেতুর দিকে রওনা হন।

নৌকাটি সালাম সী ফুড লিমিটেড সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে রাসেল তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি নৌকার মাঝি ও আশপাশের লোকজন প্রত্যক্ষ করেন।

এসময় সালাম সী ফুড লিমিটেডের একটি ট্রলারের চালক রেজাউল দ্রুত এগিয়ে এসে পানিতে পড়া ওই নারীকে উদ্ধার করেন। পরে তাকে প্রতিষ্ঠানের ঘাটে তোলা হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিবরণ শুনে পুলিশে খবর দেওয়া হয়। পরে সালাম সী ফুড এলাকা থেকে স্বামী-স্ত্রী দু’জনকেই পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক জানান, প্রাথমিকভাবে বিষয়টি স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বজনিত বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর বিস্তারিত জানা যাবে।

রূপসা থানার অফিসার ইনচার্জ আ. রাজ্জাক মীর বলেন, “ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। স্বামী-স্ত্রী দু’জনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”