Home আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ইঙ্গিত কেসিসি প্রশাসক মঞ্জুর

বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ইঙ্গিত কেসিসি প্রশাসক মঞ্জুর

22

স্টাফ রিপোর্টার।।


খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কেসিসির কনজারভেন্সি বিভাগকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী নগরীর বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নগরবাসীর ভোগান্তি কমাতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশেষ করে ঈদকে সামনে রেখে কোথাও যেন ময়লা-আবর্জনার কারণে জনদুর্ভোগ না বাড়ে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” এ সময় তিনি বিদ্যমান এসটিএসগুলো দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনের অংশ হিসেবে কেসিসি প্রশাসক নগরীর ৩ নম্বর ওয়ার্ডে দৌলতপুর রেল স্টেশনের বিপরীত পাশের এসটিএস, ৬ নম্বর ওয়ার্ডের কবির বটতলা, ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা এলাকার পুরাতন অ্যাসফল্ট প্লান্ট সংলগ্ন এলাকা, ১০ নম্বর ওয়ার্ডের গোয়ালখালী কবরস্থানের পাশ, ১১ নম্বর ওয়ার্ডের খালিশপুর নিউ মার্কেট এলাকা এবং ১৩ নম্বর ওয়ার্ডে নিউজপ্রিন্ট মিল সংলগ্ন এসটিএস পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মোস্তফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনের দ্বিতীয়ার্ধে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রূপসা শ্রম অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথ বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, ইউনেস্কো-খুলনার সভাপতি নুরুল ইসলাম খান মিটু, ডা. রিফাত জাহান প্রমি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেক্রেটারি আরিফুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক নগর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।