Home আঞ্চলিক দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত

দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত

7

মোঃ জাহিদুর রহমান সোহাগ, দাকোপ

খুলনার উপকুলীয় দাকোপের খোনা এলাকায় ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। পানির নীচে তলিয়ে রয়েছে পাশ^বর্তী তিলডাঙ্গাসহ দুইটি ইউনিয়নের প্রায় ১০ হাজার হেক্টর আমন ক্ষেত। ভেসে গেছে কয়েক লক্ষ টাকার পুকুরের মাছ। অর্ধাহারে অনাহারে দিন কাটছে প্রায় ৫ হাজার পরিবারের। এর মধ্যে কাঁচা ঘরবাড়ি ধ্বসে দেড় থেকে দুই হাজার পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙ্গন কবলিত স্থানে বাঁধ পুনঃ নির্মানের কাজ চলছে। তাছাড়া মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে একই ইউনিয়নের লক্ষ¥ীখোলা কামারবাদ খেয়াঘাট সংলগ্ন ও বানিশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী এলাকার বেড়িবাঁধ।  

স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন মোল্যা জানান, গত অমাবস্যার গোনে নদীর অতিরিক্ত পানির চাপে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা মোল্যা বাড়ির সামনে পাউবোর প্রায় ১৫০ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে ঢাকী নদী গর্ভে বিলিন হয়। গত ৮দিন যাবৎ বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা চালিয়েও ভাঙ্গন কবলিত স্থানে বাঁধ আটকানো সম্ভব হয়নি। তবে দুই একদিনের মধ্যে আটকাতে পারবেন বলে আশা করছেন। তিনি অভিযোগ করে বলেন পাউবোর কর্মকর্তাদের বার বার বলার পরও আগে থেকে ব্যবস্থা না নেওয়ায় এবং তাদের গাফিলতির কারণে বাঁধ ভেঙ্গে গেছে বলে দাবি করেন। এতে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে তিনি জানান।

খোনা এলাকার আক্রাম ফকির, মান্নান ফকির, জুলফিকার সানাসহ একাধিক ব্যক্তির সাথে আলাপকালে তারা বলেন পানিবন্ধি থাকার কারণে তাদের কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়েছে। যে কারণে তারা খোলা আকাশের নীচে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। তাছাড়া এক মাত্র আমন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আগামী এক বছর তারা কি খেয়ে পরিবার পরিজন নিয়ে বাঁচবে এই দুচিন্তায় পড়েছেন বলে জানান।

বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় জানান, পূর্ব ঢাংমারী খ্রিষ্টান বাড়ির সামনে ব্লক ও ডাম্পিন ধ্বসে ওয়াপদা বেড়িবাঁধে ফাটল ধরেছে। এই মুহুর্তে মেরামত না করলে যে কোন সময়ে বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে বলে জানান।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন ভাঙ্গন কবলিত স্থানে বাঁধ মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী দুই একদিনের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জানান, ভাঙ্গন কবলিত স্থানে জেলা প্রশাসক স্যার ১০ মেঃটন চাউল বরাদ্দা দিয়েছেন। এছাড়া ৫০০ প্যাকেট শুকনো খাবার দিয়েছেন। দুই একদিনের মধ্যে বাঁধ আটকানো সম্ভব বলে তিনি মনে করেন।