স্টাফ রিপোর্টার
লবণচরা থানার মাদক মামলার এক আসামিকে ৮বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর হরিণটানা উত্তর পাড়ার আব্দুল মমিন আকনের ছেলে মো. মারুফ বিল্লা (৩১)।
রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২৮মার্চ সকাল সাড়ে ৮টার দিকে হরিণটানা উত্তর পাড়ার আব্দুল মমিন আকনের বসত বাড়ির অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মারুফ বিল্লার বসত ঘর তল্লাশি করে ৫৫পিস ইয়াবাসহ মারুফ বিল্লাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে মারুফ বিল্লার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৪। ওই বছরের ২২ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে মারুফ বিল্লাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আসলাম হোসেন।











































