বিএনপি নেতাদের তীব্র নিন্দা ও ক্ষোভ ; শ্রমিক দল নেতা খুন হন ১২ দিন আগে
স্টাফ রিপোর্টার
নগরীতে সাবেক শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে প্রকাশ্যে হত্যার মাত্র ১২দিনের মাথায় ফের দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আলম রাশু (৩০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত রাশু দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পদক ও নগরীর দেয়ানার বাসিন্দা। তাঁর বাবা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আলমের ছেলে।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় রাশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাশিকুল আলম রাশু দৌলতপুর কল্পতরু মার্কেটের একটি দোকানের মধ্যে কেরামবোর্ড খেলছিলেন। এ সময় দুই-তিন যুবক হেঁটে এসে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। তিনটি গুলি তার মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। এ সময় আতঙ্কে মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা রাশুকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে পৌছানোর আগেই রাশিকুল আলম রাশুর মৃত্যু হয়েছে।
নিহত রাশুর ভাই মিশু বলেন, ‘আমার ভাইকে বেশকিছু দিন ধরেই হুমকি দেওয়া হচ্ছি। আমরা দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছি। রাজনীতির কারণেই তাঁকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আর একের পর এক বিএনপি নেতাকর্মীদের হত্যা হচ্ছে। অথচ হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে।’
তিনি বলেন, দু’দফায় হত্যাকারীরা ঘটনাস্থলে আসে। এমন কী গুলির শব্দ শোনাও যায়নি। তিনি তাঁর ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন।
কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় বলেন, কী কারণে ও কারা রাশিকুল আলম রাশুকে হত্যা করেছে তার তথ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। নিহত রাশুর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ৪ মার্চ রাতে প্রকাশ্যে পরিবারের সঙ্গে ঈদ বাজার করতে আসা রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মাসুম বিল্লাহ (৫৫) হত্যাকাণ্ডের শিকার হন। তাকে বাটা শো-রুমের মধ্যে ফেলে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় অশোক ঘোষ নামে এক ব্যক্তি গ্রেপ্তার হন।
এছাড়া ২০২৫ সালের ১১ জুলাই দৌলতপুর এলাকার পশ্চিম মহেশ্বরপাশায় নিজ বাসার সামনে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ছিলেন দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি। হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে অন্তত ৯টি গুলি ছোড়ে এবং মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দেয়।
খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী অবিলম্বে রাশু হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, ‘রাশু ছিলেন ওই এলাকার তরুণ নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বের হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি।’
ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের: খুলনা নগরীর দৌলতপুরে যুবদল নেতা রাশিকুল ইসলাম রাসুকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহত রাশিকুল ইসলাম রাসু দৌলতপুর থানা বিএনপি নেতা শরিফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে তাঁর ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনটি গুলির মধ্যে একটি তাঁর মাথার পেছনে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়।
এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দিনের আলোতে নগরীর ব্যস্ত এলাকায় একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে নিহতের পরিবারকে ধৈর্য্যধারণের আহবান জানিয়ে বলেন, খুলনার মাটিতেই খুনিদের বিচার নিশ্চিত করা হবে। পৃথক বিবৃতিতে একই দাবি জানিয়েছেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। এর আগে ঘটনা শুনে বিএনপি মহানগরের শীর্ষ নেতাকর্মীরা রাসুর বাড়িতে ছুটে যান।











































