স্টাফ রিপোর্টার।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে এই অর্থের চেক তুলে দেন তিনি।
এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৭২৮ জন পরিচ্ছন্নতা কর্মী প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার পেয়েছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পরিচ্ছন্নতা কর্মীদের পক্ষ থেকে উপহারের চেক গ্রহণ করেন।
কেসিসি সূত্রে জানা গেছে, ৭২৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে নিয়মিত রয়েছেন ১৫৪ জন, মাস্টাররোলে ২৬৬ জন, বহিরাগত ১৮৫ জন এবং আউটসোর্সিং হিসেবে কর্মরত আছেন ১২৩ জন। কর্মরত সকলেই ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতা পেয়েছেন। সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেসিসির পরিচ্ছন্নতা কর্মীদের জন্য মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকা বিশেষ প্রণোদনা প্রদান করা হয়েছে।
চেক প্রদানকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।










































