Home খেলাধুলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সরফরাজের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সরফরাজের

1


অনলাইন ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করাচিতে জন্ম নেওয়া সরফরাজ ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। পরে ২০১০ সালে টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে তিনি ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার সংগ্রহ ৬ হাজার ১৬৪ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি করেছেন ৬টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। উইকেটের পেছনে তাঁর ক্যাচ ৩১৫টি এবং স্টাম্পিং ৫৬টি।

তিন সংস্করণ মিলিয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। তার অধীনে একসময় টি–টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল হয় পাকিস্তান। এছাড়া দলটি টানা ১১টি টি–টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ডও গড়েছিল।

সরফরাজের নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭–এর ফাইনালে ভারত জাতীয় ক্রিকেট দলকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এর মাধ্যমে তিনি পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কীর্তি গড়েন। এর আগে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০০৬–এও পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ফলে জুনিয়র ও সিনিয়র, দুই পর্যায়েই আইসিসি শিরোপা জেতা একমাত্র পাকিস্তানি অধিনায়ক তিনি।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল সরফরাজ। ২০১৯ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে এক টেস্টে ১০টি ক্যাচ নিয়ে পাকিস্তানের হয়ে রেকর্ড গড়েন তিনি। আর ২০১৬ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে সেঞ্চুরি করে পাকিস্তানের একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে এ কীর্তি গড়েন।

সবশেষে ২০২৩ সালে পার্থে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল তাকে।

অবসরের ঘোষণায় সরফরাজ বলেন, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। ২০০৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতা থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলা—প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ।