Home খেলাধুলা প্রস্তুত হচ্ছে জৈব সুরক্ষা বলয় গাইডলাইন

প্রস্তুত হচ্ছে জৈব সুরক্ষা বলয় গাইডলাইন

8

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারিতে বাংলাদেশ সফরের কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। করোনার প্রাদুর্ভাবের পর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এজন্য সফরকারীদের জন্য পৃথক গাইডলাইন প্রস্তুত করছে বিসিবি। জৈব সুরক্ষা বলয়ে থেকে কিভাবে ক্যারিবিয়ানদের দীর্ঘ এক মাসের সফর সফল করা যাবে সেই পরিকল্পনা প্রস্তুত করছে বিসিবি। স্বাগতিক ও সফরকারীদের জন্য তৈরি হচ্ছে একই গাইডলাইন। এর মধ্যে ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার, টিভি ক্রুদের রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও বিসিবি আলোচনার মাধ্যমে গাইডলাইন প্রস্তুত করছে। শিগগিরিই সেই গাইডলাইন পাঠানো হবে ক্রীড়া মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সরকারের অনুমতি পেলে পরবর্তী ধাপে এগিয়ে যাবে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরই মধ্যে ইংল্যান্ড সফর করেছে। তারা নিজেদের মাটিতে খেলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। দেশটির টেস্ট অধিনায়ক সহ একাধিক ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে খেলছেন আইপিএল। নভেম্বরে নিউ জিল্যান্ড সফরেরও কথা রয়েছে তাদের। করোনার পর ক্রিকেট ফেরাতে বেশ সাহসী ভূমিকা পালন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বিসিবিও আশাবাদী, বাংলাদেশে আসতে বড় কোনো সমস্যা হবে না তাদের। এজন্য সর্বোচ্চ সুযোগ সুবিধার নিশ্চয়তা দেওয়া হচ্ছে বোর্ড থেকে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আইপিএল গভর্নিং কাউন্সিল যে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে সেই ধারণা নিয়ে গাইডলাইন তৈরি করছে বিসিবি। নিয়মিত করোনা পরীক্ষার পাশাপাশি ক্রিকেটারদের ব্যবহৃত হোটেল, বাস, অনুশীলন মাঠ, মূল মাঠ ও আসা-যাওয়ার পথ শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। ক্রিকেটারদের সংস্পর্শে যাওয়া প্রত্যেককে থাকবে হবে জৈব সুরক্ষা বলয়ে। সেভাবেই পরিকল্পনা করে গাইডলাইন তৈরি হচ্ছে। চূড়ান্ত অনুমোদন পেলে বিসিবি জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে মাঠে নামবে।

কলকাতার কাছে নাকাল দিল্লি

ক্রীড়া প্রতিবেদক

আবুধাবির এ ম্যাচে দু’দলের কাছেই জয়টা ছিল পরম কাঙ্ক্ষিত। প্লে-অফ একেবারেই নিশ্চিত করার জন্য জয় চেয়েছিল পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দিল্লি ক্যাপিটালস। আর প্লে-অফের সম্ভাবনাকে কঠিন করে তুলতে কলকাতা নাইট রাইডার্সও হারতে চায়নি কোনমতেই। দিল্লিকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কলকাতাই পূরণ করেছে লক্ষ্য।
কলকাতার ১৯৪ রানের দিকে ছুটে দিল্লি থেমে গেছে ১৩৫ রানে। দুর্দান্ত কলকাতার কাছে ব্যাটে-বলে দিল্লি রীতিমতো পর্যুদস্ত। এত বড় রান তাড়া করতে গেলে ইনিংসের সূচনাটা হতে হয় দুর্দান্ত। কিন্তু দিল্লি উইকেট হারায় প্রথম বলেই, প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অজিঙ্কে রাহানে। কামিন্সের তিন শিকারের দ্বিতীয়টি শিখর ধাওয়ান, তার দ্বিতীয় ওভারেই বোল্ড আগের দুই ম্যাচের সেঞ্চুরিতে আইপিএলে নতুন ইতিহাস গড়া ব্যাটসম্যান। পাওয়ার-প্লের মধ্যেই দুই উইকেট হারানো দিল্লির জন্য রান তাড়াটা হয়ে ওঠে কঠিন। সেটিকে অসম্ভব করে তুলেছেন বরুণ চক্রবর্তী। ১১ ম্যাচে চতুর্থ পরাজয়, দিল্লি ১৪ পয়েন্ট নিয়ে রইলো দ্বিতীয় স্থানেই। কলকাতা সমান ম্যাচে ষষ্ঠ জয় পেয়ে চতুর্থ স্থানে সংহত করলো তাদের অবস্থান।
কলকাতা ১৯৪ রান করতে পেরেছে দুই ‘ব্যাটিং হিরো’ নীতিশ রানা ও সুনীল নারাইনের সৌজন্যে। চতুর্থ উইকেটে ১১৫ রানের জুটি গড়েছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। দুজনেই করেছেন ফিফটি। ৬৪ রান করেছেন নারাইন, রানা ৮১। পরে বোলিংয়ে এসে কলকাতার নায়ক বনে গেছেন লেগস্পিনার বরুণ। এবারের আইপিএলে প্রথম পাঁচ উইকেট শিকার করতে বরুণ চার ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। রানা অথবা নারাইনের কেউ একজন দিল্লি ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। সেখান থেকেই স্পিন ভেলকিতে ওদের দুজনের মুখের গ্রাস কেড়ে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ বরুণ। দুই ওভারে জোড়া উইকেট নিয়েছেন কর্নাটকের ২৯ বয়সী লেগস্পিনার। তার ১৪তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে শিকার শিমরন হেটমায়ার (১০) ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৩৮ বলে ৪৭)। ১৬তম ওভারে ৫ বলের মধ্যে বরুণ ফিরিয়েছেন মার্কাস স্টয়নিস (৬) ও অক্ষর প্যাটেলকে (৯)। আবার বরুণই ঋষভ পন্তকে (২৭) ক্যাচ দিতে বাধ্য করে তার ও আইয়ারের মধ্যে বড় জুটি গড়ে ওঠার সম্ভাবনা নস্যাৎ করেছেন। বরুণের এই ঘূর্ণি জাদুকে বিচারকেরা সম্মান না জানিয়ে পারতেন না কিছুতেই।
টস হেরে ব্যাট করতে নামা কলকাতার শুরুটা হয়েছিল বাজে। ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় শুভমান গিলকে। আনরিখ নর্কিয়ার বলে অক্ষর প্যাটেলকে ক্যাচ দেন ডানহাতি ওপেনার। দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে রানই করতে পারছিলেন না কলকাতার ব্যাটসম্যানরা। অল্পেই ফিরে যান রাহুল ত্রিপাঠি ও দিনেশ কার্তিক, কলকাতা ৩ উইকেটে ৪২ রানে পরিণত হয় ৮ ওভারের মধ্যেই। ত্রিপাঠিকে তুলে নেন নর্কিয়া, কার্তিককে কাগিসো রাবাদা।
ইয়ন মরগানের ওপরে পাঁচ নম্বরে নারাইনের ব্যাট করাটা খুব কাজে লাগে কলকাতার। রানার সঙ্গে চতুর্থ উইকেটে ১১৫ রান যোগ করেন ত্রিনিদাদিয়ান অলরাউন্ডার। ৯.২ ওভারের এই জুটিতে দুজনই করেছেন ফিফটি। ১৭তম ওভারে রাবাদা নারাইনকে আউট করতে না পারলে আর কলকাতা নিশ্চিত দুশো পেরিয়ে যেতো। রাহানের হাতে ক্যাচ হওয়ার আগে নারাইন ৩২ বলে ৬৪ করেছেন ৬ চার ও ৪ ছক্কায়। ইনিংসের দ্বিতীয় শেষ বলে স্টয়নিসের শিকার হওয়ার আগে ৫৩ বলে ৮১ রানের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা মেরেছেন রান। আট ওভারে ৩ উইকেটে ৪৩ রান করা কলকাতা পরের ১২ ওভারে তারাই তুলেছে ১৫১ রান!

মাহমুদউল্লাহ-শান্ত’র লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক
প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। বিসিবির অফিসিয়াল ইউটিউব ও ফেইসবুক পাতার পাশাপাশি বিটিভিও সরাসরি সম্প্রচার করবে ফাইনাল।
ম্যাচটি হওয়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেখে তা পিছিয়ে দেওয়া হয়। সেটি যে বিচক্ষণ সিদ্ধান্ত ছিল, তা প্রমাণ হয়ে গেছে গত তিন দিনের টানা বৃষ্টিতে। আজও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে রিজার্ভ ডে আছে সোমবার। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরতে পারাই ছিল বড় স্বস্তি। ফাইনালে উঠতে পারা সেখানে বাড়তি প্রাপ্তি। মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ফুটে উঠল সেই সুর। নিজেদের সেরাটা দিয়ে উপভোগ্য ফাইনাল উপহার দেওয়ার প্রত্যয় শোনালেন দুই অধিনায়ক।

নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থানীয় দুই কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সারের নেতৃত্বে অনুশীলন শুরু করেছেন আশরাফুল রানারা। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক প্রীতি দুটি।
নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য ৩৬জন ফুটবলার প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন প্রধান কোচ জেমি ডে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ১৪জনের মধ্যে ১২জন যোগ দেবেন ২৭ অক্টোবর। বাকিদের মধ্যে সবাই ক্যাম্পে প্রথম দিন থেকে যোগ দিতে পারেননি। করোনা পরীক্ষার রিপোর্ট বিলম্ব হওয়ায় অনেকে শুক্রবার রিপোর্ট করতে পারেননি।

চলে গেলেন ডোমিঙ্গো-কুক-গিবসন

ক্রীড়া প্রতিবেদক

আসলে তারা এসেছিলেন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে। উদ্দেশ্য ছিল, লঙ্কা মিশনের আগে জাতীয় দলের ক্রিকেটারদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। আর তাই গত অক্টোবরের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকায় পা রাখেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও পেস বোলিং কোচ ওটিস গিবসন।
শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলেও জাতীয় দলের এই তিন কোচিং স্টাফ টাইগারদের পাশেই ছিলেন। তাদের ব্যক্তিগত ও দলগত প্রশিক্ষণেও রেখেছেন কার্যকর ভূমিকা। হেড কোচ রাসেল ডোমিঙ্গো কোনো দলের প্রশিক্ষক হিসেবে কাজ না করলেও ওটিস গিবসন আর রায়ান কুক প্রেসিডেন্টস কাপে কোচিং করিয়েছেন। গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া প্রেসিডেন্টস কাপে গিবসন মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর কোচ আর কুক তামিম বাহিনীর কোচের ভূমিকায় ছিলেন। কিন্তু টুর্নামেন্টের ফাইনালে আর থাকা হচ্ছে না এ তিন ভিনদেশি কোচের। গতকাল শনিবার ভোরের আকাশে সূর্য ওঠার আগেই বাংলাদেশ ত্যাগ করেছেন ডোমিঙ্গো, গিবসন আর কুক। শুক্রবার দিবাগত রাত ভোর ১টা ৪০ মিনিটে বিমানে নিজ নিজ গন্তব্যের পথে আকাশে উড়েছেন তারা।

বেতনভুক্ত ম্যানেজার পাচ্ছে জাতীয় ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক

কাব কর্মকর্তার বলয় থেকে বের হয়ে জাতীয় দলের জন্য বেতনভুক্ত ম্যানেজারের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটিতে দেখা যেতে পারে বেতনভুক্ত ম্যানেজার।
নেপালের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। শনিবার সকাল থেকে অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলারা। এই আবাসিক ক্যাম্পের জন্য খেলোয়াড়দের পাশাপাশি যে অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাফুফে, সেখানে কোনো ম্যানেজার নেই। ফুটবলাররা রিপোর্ট করেছেন স্থানীয় সহকারী কোচের কাছে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। নির্দিষ্ট একটি কাব কর্মকর্তার হাতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থাকা নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড় বাছাই নিয়ে ফুটবল অঙ্গনে আছে নানা প্রশ্ন। এ সপ্তাহেই ন্যাশনাল টিমস কমিটির সভা হতে পারে। যে সভায় ম্যানেজারের বিষয়টি ঠিক হবে বলে জানা গেছে।

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে লিগ পর্বের শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এমনকি ফাইনালে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলায় স্টেডিয়ামে অনুশীলন করেছেন মুশফিক।
আগেই জানা গিয়েছিল যে, মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার ওপর শুক্রবারের ফাইনাল পিছিয়ে রবিবারে নিয়ে যাওয়ায় হাতে দুই দিন সময় পেয়েছেন বিশ্রামের জন্য। তবে সময়টা কাজে লাগিয়ে টিম হোটেলে জিম, সুইমিং করেছেন মুশি। গতকাল শনিবার নাজমুল একাদশের অনুশীলন বাতিল করা হয়েছিল। কিন্তু মুশফিক ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। মিরপুরে এসে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ইনডোরে ব্যাটিং করেছেন তিনি। ফলে প্রেসিডেন্ডস কাপের ফাইনালে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বললেই চলে।

ক্রিকেট তারকারা ফরিদপুরে

ক্রীড়া প্রতিবেদক

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে জাতীয় দলের প্রথম সারির কয়েকজন ক্রিকেটার ফরিদপুরে অবস্থান করছেন।
আন্তর্জাতিক কিংবা বিভাগীয় স্টেডিয়াম ছাড়া যাদের পা পড়ে না, সেই তারকারা ফরিদপুর জেলা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে আসছেন, এমন খবরে ফরিদপুরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। গতকাল শনিবার সকালে শেখ জামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়েছে। প্রীতি ক্রিকেট লড়াইয়ে ডমিনেটরস টিম ও ফরিদপুর ক্রিকেট একাডেমির সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রীতি ম্যাচে ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহণ করবেন নাঈম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানী, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সৈকত আলী, যুবায়ের লিখন, মেহদী রানা, জসিম উদ্দিন, কাজী কামরুল, সায়েম চৌধুরী, মোহিউদ্দিন মোহাম্মাদ। অন্যদিকে ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে লড়বেন নির্জন, শিবলী, আরাফাত সানী, আসিফ, সিফাত, পার্থিব, উওম, রনী, সায়েম, সবুজ, রাজীন, আবিদ, রফিকুল, সুজন ও মঞ্জুর।

চেন্নাইকে ১০ উইকেটে উড়িয়ে ফের শীর্ষে মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক

রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হলো কাইরন পোলার্ডকে। কিন্তু বোঝাই গেলো না, ম্যাচে রোহিত নেই। ধোনির চেন্নাই সুপার কিংসকে রীতিমত বিধ্বস্ত করে ছাড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর সঙ্গে সঙ্গে এবারের আইপিএল থেকে চেন্নাইয়ের বিদায়ঘণ্টা প্রায় নিশ্চিত করে দিলো গত আসরের চ্যাম্পিয়নরা।
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের সামনে শুরুতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ। ২০ ওভারে তিন বারের চ্যাম্পিয়নরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল মাত্র ১১৪ রান। মুম্বাই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট একাই নেন ১৮ রানে ৪ উইকেট। বুমরাহ ২৫ রান নিয়ে নেন ২ এবং রাহুল চহার ২২ রান দিয়ে নেন ২উইকেট। রান তাড়া করতে নেমে কোনো উইকেটই হারাতে হয়নি মুম্বাইকে। ১০ উইকেটে ম্যাচ জিতে নিল তারা। ইশান কিশান ৬৮ এবং কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৪৬ রানে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ১০ উইকেটে ম্যাচ হারল চেন্নাই। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং মুম্বাই। সেই ম্যাচ জিতেছিল ধোনির দল। প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করলেও এরপর খেই হারিয়ে ফেলে চেন্নাই। আজ রাতে তাদেরকে বিধ্বস্ত করে প্রতিশোধ নিল মুম্বাই। হারের ফলে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকেই গেল চেন্নাই। অঙ্কের হিসেবে আশা বেঁচে থাকলেও চেন্নাইয়ের পক্ষে প্লে অফে পৌঁছনো আর সম্ভব নয়। কারণ, ১১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ৬। বাকি ৩ ম্যাচের প্রতিটিতে জিতলেও হবে ১২। প্রতিবার প্লে অফে খেলে চেন্নাই। এবার আর তা সম্ভব হলো না তাদের।

অ্যাস্টন ভিলার জয়রথ থামালো লিডস

ক্রীড়া প্রতিবেদক

চলতি মৌসুমের দারুণ চমক দেখাচ্ছে লিডস ইউনাইটেড। গত দুই ম্যাচে হোঁচট খেলেও এবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্যাট্রিক বামফোর্ডের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জিতেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
অন্যদিকে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চমক দেখাচ্ছিল অ্যাস্টন ভিলাও। চ্যাম্পিয়ন লিভারপুলকে ৭-২ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছিল তারা। ডিন স্মিথের শিষ্যদের হাতে পরাজয় বরণ করতে হয়েছে লেস্টার সিটি-ফুলহামকেও। তবে এবার নিজেদের মাঠ ভিলা পার্কে তাদের জয়রথ থামাতে হলো লিডসের বিপক্ষে। বিয়েলসার শিষ্যদের প্রেসিং ফুটবলের সামনে কোনো প্রতিরোধই দাঁড় করাতে পারেনি অ্যাস্টন ভিলা। প্রথমার্ধে দু’দল গোলশূন্য ব্যবধানে মাঠ ছাড়লেও বিরতির পর ভয়ঙ্কর হয়ে ওঠে লিডস। ৫৫, ৬৭ ও ৭৪তম মিনিটে হ্যাটট্রিক করেন বামফোর্ড। ইংলিশ ফরোয়ার্ড শেষ গোল দু’টি করেছেন কিচ ও হেল্ডার কস্তার পাস থেকে। হারলেও অবশ্য পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানটা ধরে রেখেছ অ্যাস্টন ভিলা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন। ১০ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে লিডস।

ইউরোপিয়ান অঞ্চলের ড্র ৭ ডিসেম্বর

ক্রীড়া প্রতিবেদক

২০২২ বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের গ্রুপ পর্বের ড্র আগামী ৭ ডিসেম্বর জুরিখে ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এই ঘোষণা দিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে পুরো অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে যেখানে ৫৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ড্র অনুষ্ঠান শুরু হবে যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হবে।
২৬ নভেম্বর প্রকাশিতব্য ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করেই ড্রয়ের সিডিং চূড়ান্ত হবে। স্বাভাবিক ভাবেই শীর্ষ র্যাঙ্কিং দেশগুলোকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শীর্ষ ১০ এর বাইরে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও পোল্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বে সর্বমোট ৫৫টি ইউরোপিয়ান দেশ অংশ নেয়। এর মধ্যে পাঁচটি গ্রুপে থাকে ছয়টি করে দল। বাকি পাঁচটি গ্রুপের থাকে পাঁচটি করে দল। ১০টি গ্রুপের শীর্ষ ১০টি দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সাথে আরো তিনটি দেশ প্লে-অফ থেকে সুযোগ পায়। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইউরোপের ১৩টি দেশ অংশ নেবে। ইতোমধ্যে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ম্যাচ শুরু হয়ে গেছে।

অস্ট্রেলিয়া ওপেনে খেলার আশা জকোভিচের

ক্রীড়া প্রতিবেদক

রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শে এখন তাদের সবচেয়ে কাছে রয়েছে আরেক শীর্ষ তারকা নোভাক জকোভিচ। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের মাধ্যমে সেই লক্ষ্যের কিছুটা কাছাকাছি যেতে পারবেন বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তারকা। বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে অংশ নেবার ঘোষনাও ইতোমধ্যেই দিয়েছেন জকোভিচ।
যদিও ৩৩ বছর বয়সী জকোভিচ এখনও নিশ্চিত নন কবে নাগাদ তিনি মেলবোর্নে পৌঁছাতে পারেন। কারন কোভিড-১৯’এর কারনে অস্ট্রেলীয় সরকারের নির্দেশমতে ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন মানাটা বাধ্যতামূলক।
গত ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন জকোভিচ। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদালের তুলনায় তার রেটিং পয়েন্ট প্রায় ২০০০ বেশী। চলতি মাসে রোলা গ্যাঁরোর ফাইনালে জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ গেমের সরাসরি সেটে পরাজিত করে ফেদেরারের সাথে রেকর্ড ২০তম স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন নাদাল। জকোভিচের ঝুলিতে রয়েছে ১৭টি শিরোপা।

ট্রিপল সেঞ্চুরি করবেন নয়্যার

ক্রীড়া প্রতিবেদক

সম্প্রতি একটি ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন ম্যানুয়েল নয়্যার। সেই ডাবল সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন সেপ মায়ারের একটি রেকর্ডও। যাঁর রেকর্ড ভেঙেছেন, বায়ার্ন মিউনিখের কিংবদন্তি সেই গোলকিপার মায়ারের বিশ্বাস ডাবল সেঞ্চুরিটা নয়্যার ট্রিপলে রূপ দিতে পারবেন।
নয়্যার ক্রিকেট খেলেন না, তাঁর যে ডাবল বা ট্রিপল সেঞ্চুরি নিয়ে কথা হচ্ছে তা ক্রিকেটেরও নয়। নয়্যার সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছেন ফুটবলেই! আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অক্ষত রেখেছিলেন বায়ার্ন মিউনিখের জাল। এ নিয়ে বায়ার্নের হয়ে ২০০ ম্যাচে গোল না খাওয়ার কীর্তি গড়েছেন নয়্যার। এর আগে বায়ার্নের কোনো গোলকিপারের এত বেশি ম্যাচে গোল না খাওয়ার কীর্তি নেই। নয়্যারের আগে রেকর্ডটি ছিল মায়ারের। ১৯৯টি ম্যাচে বায়ার্নের জাল অক্ষত রেখেছিলেন তিনি।

হার্ভার্ডকে না বলেছিলেন ব্যামফোর্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকা দেখলে চমকে যেতে পারেন অনেকেই। প্রিমিয়ার লিগের একনিষ্ঠ অনুসারী না হলে গোলদাতার শীর্ষে যে ডমিনিক কালভার্ট-লুইন আছেন, এটা মাথায় আনা কঠিন। দুইয়ে আছেন সন হিউং-মিন।
এ দুজন তবু ইংলিশ প্রিমিয়ার লিগের কিছুটা পরিচিত মুখ। তিনে মোহাম্মদ সালাহর সঙ্গে থাকা নামটি চমকে দিতে পারে, প্যাট্রিক ব্যামফোর্ড। লিডস ইউনাইটেডের এই স্ট্রাইকার অ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে নাম ছড়াতে একটু দেরিই হলো ব্যামফোর্ডের। আগেও তিন মৌসুম খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কিন্তু আলো ছড়ানোর কাজটা করতে করতে বয়স ২৮ বছর হয়ে গেল তাঁর। তবে ব্যামফোর্ডের নামটা বহু আগ থেকেই জানা ইংলিশ সংবাদমাধ্যমের। কারণ, বিশ্বের অন্যতম সেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ তো চাইলেই পাওয়া যায় না। কিন্তু পেশাদার ফুটবলার হওয়ার টানে আইভি লিগের গ্র্যাজুয়েট হওয়ার প্রলোভনটা এড়িয়েছেন ব্যামফোর্ড।