যশোর অফিস।।
যশোরে ১২টি ককটেল ও একটি রামদাসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ মার্চ) বিকেলে জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আজিজুল শেখ (৩০) অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের সফারত শেখের ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, বুধবার বিকেল ৫টার দিকে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আজিজুল শেখকে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১২টি ককটেল বোমা এবং একটি রামদা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, কী উদ্দেশ্যে এই ককটেল ও রামদা লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামি বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে এবং ওই ইউনিয়নে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুনেছি ইছামতি গ্রামে র্যাব-৬-এর অভিযানে ককটেল ও দেশি অস্ত্রসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে র্যাবের পক্ষ থেকে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’










































