স্পোর্টস ডেস্ক।।
২০২৬ বিশ্বকাপ যখন দ্বারপ্রান্তে, তখন ব্রাজিল ফুটবলে ভক্তদের মনে যেন স্বস্তির হাওয়া দোলা দিয়ে গেল। সব জল্পনা-কল্পনা বাদ দিয়ে সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তির আসন্ন প্রীতি ম্যাচগুলোর প্রাথমিক দলে অবশেষে জায়গা করেছেন নেইমার। খবরটি নিশ্চিত করেছেন ইতালিয়ান প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। একই খবর দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো এবং ইউওএল। তবে
২০২৩-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে সেই ভয়াবহ চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে নেইমার। এরপর সৌদি প্রো লীগের আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা, পুনরায় হাঁটুতে অস্ত্রোপচার, সব মিলিয়ে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার একেবারেই খাদের কিনারায়। তবে বিশ্বকাপের ১০০ দিন বাকি থাকতে প্রাথমিক স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আগামী ২৬শে মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে ব্রাজিল। এ দুটি ম্যাচের মূল স্কোয়াডে নিজের জায়গা পাকা করতে এখন লড়তে হবে সাবেক বার্সেলোনা তারকাকে।
অবশ্য, এখানেও কিছুটা ‘কপাল পোড়া’ নেইমার। আগামীকাল ভোরে ব্রাজিলিয়ান শীর্ষ লীগ সিরি-আ-এর মিরাসোল ও সান্তোসের মধ্যকার ম্যাচটিতে উপস্থিত থাকবেন আনচেলোত্তি। চূড়ান্ত স্কোয়াডের আগে নেইমারসহ অন্যদের ওপর নজর দিতেই এ সিদ্ধান্ত নেন ইতালিয়ান অভিজ্ঞ কোচ। তবে ও গ্লোবো জানিয়েছে, মাংসপেশিতে পুনরায় চোট পাওয়ায় ম্যাচটিতে খেলবেন না নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর ধারণা, এ ম্যাচে অনুপস্থিতির কারণে সেলেসাওদের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ যেতে পারেন নেইমার।










































