বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় নিম্ন আয়ের দুই শতাধিক পরিবারের সদস্যরা প্রাকৃতিকভাবে সৃষ্ট জলাশয়ের শামুক কুড়িয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করছেন। বৈশিক মহামারি করোনা ভাইরাস এবং বর্তমানে গ্রামাঞ্চলে তেমন কোন কাজ না থাকায় নিম্ন আয়ের কর্মহীন ওই সব পরিবারের সদস্যরা বাধ্য হচ্ছেন ভিন্ন উপায়ে উপার্জন করে পরিবারের সকল সদস্যকে খাবারের ব্যবস্থা করতে।
খোঁজ নিয়ে জানা যায়, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের নিম্ন আয়ের কর্মহীন দুই শতাধিক পরিবারের নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড় ও পুকুর জলাশয়ে সারা দিন শামুক কুড়ান। সারা দিনের অর্জিত কুড়ানো শামুক বিকালে নিধারিত বিভিন্ন স্থানে এনে জড়ো করেন। তারপর শামুকের ব্যবসায়ীর (ক্রেতা) নিকট বিক্রি করেন। প্রতি কেজি শামুক ৫ টাকা কেজি দরে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই সংসার চালান। শামুক সংগ্রহের কাজ চলে বছরের বাংলা মাস আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত। শামুক সংগ্রহকারী অনেকেই জানান, এ বছর সব জলাশয়ের পানি অত্যন্ত বিষাক্ত। যার ফলে পানিতে নামলেই শরীর চুলকাচ্ছে। তার পরও জীবিকার প্রয়োজনে অনেকেই বাধ্য হচ্ছেন এ কাজ করতে। কথা হয় ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের জেলেপাড়ার শংকর ও নিমাই মন্ডলের সাথে তারা বলেন, আগে স্থানীয় বনমান্দার বিলে উন্মুক্ত জলাশয়ে আমরা মাছ ধরে খেতাম। কিন্তু সেখানে ব্যক্তি মালিকানায় মাছের ঘের হওয়ায় এখন আর মাছ ধরে জীবিকা নির্বাহ করা যায় না। তাই বাধ্য হয়ে ভিন্ন পেশা বেছে নিয়ে বছরের কয়েক মাস শামুক কুড়িয়ে জীবিকা নির্বাহ করছি। প্রতিদিন ৭০/৮০ কেজি শামুক পায়। এতে যা আয় হয় তাই দিয়ে সংসার চালাচ্ছি।
ইউনিয়নের পাকশিয়া গ্রামের রজব আলী বলেন, করোনা ভাইরাসের এই সময়ে তেমন কোন কাজকর্ম নেই। তাই প্রতিদিন সকাল ভোর থেকে দুপুর ২-৩ টা পর্যন্ত বিভিন্ন জলাশয়ে ঘুরে ঘুরে ৫০/৬০ কেজি শামুক সংগ্রহ হয়। ৫ টাকা কেজি দরে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে।
নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া জেলে পল্লীর সাংরানী ও মিনু বলেন, আমরা গরীব মানুষ; দিন এনে দিন খায়। বর্তমানে তেমন কোন কাজ না থাকাই সংসার চালানোর জন্য শামুক কুড়াচ্ছি। তবে এ বছর পানিতে নামলেই গাঁ চুলকাচ্ছে। কিন্তু বাধ্য হয়ে এ কাজ করছি।
শামুক ব্যবসায়ী শার্শার স্বরুপদহ ওয়াপদা খালপাড়ার আকরাম হোসেনের সাথে। তিনি সমাজের কথাকে বলেন, শার্শার ১১টি ইউনিয়নের দুই শতাধিক নিম্ন আয়ের পরিবারের নিকট থেকে প্রতিদিন ৬৫/৭০ মণ শামুক ক্রয় করেন। এ শামুক তিনি খুলনার ডুমুরিয়ার চেঁচুড়িয়া কপালিয়া ব্রিজ বাজার শামুকের আড়তে বিক্রি করেন। তিনি বলেন, শামুক মেশিনে প্রক্রিয়াজাতকরণ করে ঘেরে বাগদা ও গলদা চিংড়ি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, ‘এ বছর পানিতে বিষাক্ত প্রয়োজনের কারণে শামুক সংগ্রকারীদের শরীরে চুলকানির কারণে শামুক সংগ্রহকারী পরিবারের সংখ্যা কমেছে। বিগত বছর গুলোতে নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবারেব সদস্য শামুক সংগ্রহের কাজ করতেন। সে সময় প্রতিদিন উপজেলায় সংগ্রহকৃত শামুকের পরিমাণ ছিল ১৫০/১৬০ মণ।











































