ক্রীড়া প্রতিবেদক।।
সাকিব আল হাসানকে মাঠে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি একসঙ্গে কাজ করছে। গতকাল কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেন, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো সমাধানে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই তাকে আবার মাঠে দেখা যাবে।’ গুঞ্জন রয়েছে পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন সাকিব।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। বিসিএলের ফাইনাল শেষে সাকিব সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। যদি আসেন, খেলেন, অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই প্রভাব রাখতে পারবেন দলের হয়ে। যদি আসেন খুবই ভালো। তবে যদি না আসেন, তাহলে আমাদের যে খেলোয়াড় আছে, তাদের ওপরই বিশ্বাস রাখতে হবে।’











































