Home আঞ্চলিক যে গ্রামের বাড়ি বাড়িতে উৎপাদন হচ্ছে কেঁচো কম্পোস্ট

যে গ্রামের বাড়ি বাড়িতে উৎপাদন হচ্ছে কেঁচো কম্পোস্ট

45

নিরাপদ খাদ্যের গ্রাম কালীগঞ্জের দাপনা

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

সারাদেশের মধ্যে ঝিনাইদহ কালীগঞ্জের দাপনা একটি ব্যতিক্রমী কৃষিভিত্তিক গ্রাম। গ্রামটির বাসিন্দাদের মধ্যে কৃষকদের চেয়ে কৃষিক্ষেত্রে কৃষাণীরা কোন ভাবেই পিছিয়ে নেই। কেননা তারা বাড়ি বাড়িতে উৎপাদন করছেন কেঁচো কম্পোস্ট ও জৈব বালাইনাশক। যা জমিতে ব্যবহারের মাধ্যমে তারা উৎপাদন করছেন অধিক ফলনের বিষমুক্ত খাবার। এতে তারা একদিকে উৎপাদন ব্যয়ও সাশ্রয় করছেন অন্যদিকে ফলনও পাচ্ছেন ভালো। গ্রামটি ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে নিরাপদ খাদ্যের গ্রাম হিসেবে।

গত বুধবার সরেজমিনে গ্রামটিতে গেলে দেখা যায়, প্রতিটি বাড়িতেই তারা পালন করছেন গরু। এই গরুর গোবরই কাঁচামাল হিসেবে ব্যবহারের মাধ্যমে উৎপাদন করছেন কেঁচো কম্পোস্ট। গ্রামের প্রতিটি বাড়ির আনাচে কানাচে বসানো রয়েছে মাটির চাড়ি, কোন কোন বাড়িতে দেখা যায় বড় বড় পাকা হাউজ। এগুলোর মধ্যে গোবর ও পঁচা লতাপাতা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে এক প্রকারের লাল জাতের কেঁচো। কেঁচো গুলো এ চাড়ি বা হাউজের ভিতরে বংশ বিস্তার করছে। সাথে সাথে এ গোবর খেয়ে মলত্যাগ করছে কেঁচো। এই মলই রোদে শুকিয়ে তৈরী করা হচ্ছে অধিক উর্বরাক্ষমতা সম্পন্ন কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। এছাড়াও বসতঘরের আশপাশে দেখা যায় বড় বড় ঠিলে অথবা মাটির পাত্রে বিশেষ পদ্ধতিতে তৈরী করা হচ্ছে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক। যা তারা নিজেদের ক্ষেতে ব্যবহার করে ক্ষেতের পোকামাকড় দমন করছেন। উৎপাদন করছেন বিষমুক্ত সবজি ও বিভিন্ন ধরনের নিরাপদ খাবার।

কথা হয় এ গ্রামের জৈব আন্দোলনের নারী নাজমা বেগমের সাথে। তিনি বলেন, তাদের গ্রামের কোন কৃষাণী বাড়িতে বসে থাকেন না। তারা গৃহস্থালী কাজ শেষে বাড়িতে বসে জৈব সার  ও বালাইনাশক উৎপাদনে কাজ করেন। এগুলো  ক্ষেতে ব্যবহারের পাশাপাশি বাইরে থেকে আসা ব্যাপারীদের কাছে বিক্রি করে পয়সা রোজগার করেন। তিনি বলেন,তাদের গ্রামটি ছোট হলেও মোট ১০৫ টি পরিবারের গ্রাম। তাদের মধ্যে ৯৮ টি পরিবারে এ জৈব সার উৎপাদনের প্লান্ট রয়েছে। অন্যরা চাকুরীজীবি হওয়ায় তারা সময় পান না। তবে তারা ক্ষেতে জৈব সার ছাড়া রাসায়নিক সার ব্যবহার করেন না। তিনি বলেন,শাকসবজি, ফল ফলাদিতে কোন রাসায়নিক সার ব্যবহার না করায় শহর থেকে অনেক মানুষ আগ্রহের সাথে তাদের গ্রাম থেকে শাক সবজি, ফলমুল বেশি দামে হলেও কিনে নিয়ে যান।

কৃষাণী সুখজান বেগম জানান, জৈব সার উৎপাদনে সারাদেশের মধ্যে তাদের নিয়ামতপুর ইউনিয়নকে অনেক আগেই  জাপানভিত্তিক একটি সংগঠন হাঙ্গার ফ্রি ওয়াল্ড সারাদেশের মধ্যে নিরাপদ খাদ্যের মডেল ইউনিয়ন ঘোষনা করেছে। ওই কৃষাণী আরও জানান, রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে উৎপাদিত খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত নানা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এটা থেকে বাঁচতে তারা জৈব সার ও জৈব বালাইনাশকে ঝুঁকে পড়েছেন। এছাড়াও রাসায়নিক সার অত্যন্ত ব্যয়বহুলও বটে।

তিনি নিজের কথা বলেন, এক সময় তার বসতভিটের ১১ শতক জমিই ছিল একমাত্র সম্বল। স্বামী সারাদিন ভ্যান চালিয়ে যা রোজগার করতেন তা দিয়ে চলতো না সংসার। গত ১৫ বছর বাড়িতে মাটির চাড়িতে গোবরের সাথে লতাপাতা পঁচিয়ে এটার মধ্যে বিশেষ ধরনের কেঁচো ছেড়ে নিয়ে উৎপাদিত কেঁচো সার বিক্রির মাধ্যমে বেশ পয়সা রোজগার করছেন। সাথে সাথে প্রতিকেজি কেঁচোও ১ হাজার ৫’শ টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, এখন তার সংসারে কোন অভাব নেই। নিজের রোজগারের পয়সায় মাঠে প্রায় ২ বিঘা জমি কিনেছেন। এছাড়াও তার বাড়িতে এখনও প্রায় ৩ লাক্ষাধিক টাকার কেঁচো বিক্রিযোগ্য রয়েছে। সুখজান আরও বলেন, তার মত গ্রামের সকল কৃষাণীরাও বাড়ি বাড়িতে কেঁচো পালন ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে প্রায় ১ যুগ ধরে পয়সা রোজগার করছেন। অনেকে মাটির ঘর থেকে করেছেন দালান বাড়ি। অনেকে ভূমিহীন থেকে হয়েছেন জমির মালিক। এছাড়াও জৈব সার উৎপাদনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখায় গ্রামের ৩ জন নারী বিভাগীয় জয়ীতার পুরষ্কার পেয়েছেন। এখন এ গ্রামে নতুন বউ আসলে কিছুদিনের মধ্যে পরিবারের অন্যন্য মহিলাদের কাজ দেখে তিনিও কেঁচো সার তৈরীর একজন পাকা জৈব যোদ্ধা হয়ে যাচ্ছেন। কৃষাণীরা এ সার তৈরী ও বিক্রির মাধ্যমে স্বামী সংসারে সাহায্য করছেন।

ওই গ্রামের কৃষক মশিয়ার রহমানের স্ত্রী সোনাভান,আতিয়ার রহমানের স্ত্রী শাহনাজ, ,শওকত হোসেনের স্ত্রী সুখজান, আব্দুল কুদ্দুসের স্ত্রী হাজেরা বেগম, জিল্লুর রহমানের স্ত্রী আহরনসহ ১০০টি পরিবারের সকল গৃহিনীরা তাদের বাড়িতে কেউ মাটির রিং স্লাব, কেউ বা পাকা করে কম্পোস্ট প্লান্ট তৈরি করেছেন। প্রতি মাসেই তাদের প্লান্ট থেকে সার উৎপাদন হচ্ছে। তারা উৎপাদিত কম্পোস্ট সার নিজেদের জমিতে ব্যবহার করে বাকিটা বিক্রি করছেন। সারাদেশের মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিরাজগঞ্জ, কুমিল্লার ব্যবসায়ীরা এসে জৈব সার কিনে নিয়ে যাচ্ছেন। বাইরের ক্রেতাদের নিকট কেঁচোও বিক্রি করছেন। যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ হওয়ায় গ্রাম এলাকাতে এখন খুব বেশি একটা গরু দেখা যায় না। ফলে গোবরের ঘাটতির কারনে জমিতে এখন জৈব সারের অভাব থাকে। সে কারনেই জৈবের চাহিদা মেটাতে আশপাশের গ্রাম থেকেও ধান, পান, সবজীসহ বিভিন্ন ফসলচাষীরা এ গ্রাম থেকে উৎপাদিত কেঁচো কম্পোস্ট সার কিনে নিয়ে যাচ্ছেন। এক কথায় ওই গ্রামের কোন কৃষাণীর স্বামীর কাছ থেকে এখন আর টাকা নেয়া লাগেনা। উল্টো তাদেরকেই কৃষাণীরা টাকা দিয়ে সংসার চালাতে সাহায্য করছেন।

এ গ্রামের কৃষাণীদের নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখার ব্যাপারটি চারপাশে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে গতবছর খুলনা বিভাগীয় কমিশনারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি, কৃষি বিভাগের অনেক বিশেষজ্ঞ এই গ্রামটির কৃষাণীদের কর্মকান্ড পরিদর্শন করেছেন। প্রতিমাসে কৃষি বিভাগের উপরি কর্মকর্তাসহ অনেকে আসেন গ্রামটির নারীদের কর্মকান্ড দেখার জন্য।

এই সারের গুনগত মানও সম্পর্কে যশোর মৃত্তিকা গবেষণা কেন্দ্র থেকে দেয়া রিপোর্টে বলা হয়েছে বাজারের যে সব টিএসপি পাওয়া যায় তার মান ৪৫%। অথচ এ গ্রামের কৃষাণীদের উৎপাদিত কম্পোস্ট বা জৈব সারের মান প্রায় ৮৫%(সার্বিক)। ওই গ্রামের কৃষাণীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিজেরাই প্যাকেট জাত করে মার্কেটে বিক্রি করবে তাদের এ জৈব সার। এজন্য সরকারে কৃষি বিভাগের কর্মকর্তাদের এগিয়ে এসে সহযোগীতা করার দাবি জানান।

এ ব্যাপারে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের (সিএসএল) প্রগ্রামের ইনচার্জ এস এম শাহীন হোসেন জানান,তারা ২০০৩ সাল থেকে তার সংগঠন দাপনা গ্রামসহ নিয়ামতপুর ইউনিয়নের ১৩টি গ্রামে জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ইতিমধ্যে এই ইউনিয়নের কয়েক’শ নারী জৈব সার উৎপাদনের মাধ্যমে নিজেদের জমিতে ব্যবহার করছেন। আবার বাকিটা বিক্রি করে পয়সা আয় করছেন।  তিনি বলেন নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখায় দাপনা গ্রামের আনোয়ারা বেগম ও রেবেকা বেগম নারী জয়িতা নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৪ জন নারী জৈব পদ্ধিতে চাষাবাদের জন্য জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া হাঙ্গার ফ্রি প্রাইজ পেয়েছেন।

নিয়ামতপুর  ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর জানান, তার ইউনিয়নের দাপনা গ্রামের নারীরা কৃষিতে এক বিপ্লব ঘটিয়েছে। এ গ্রামের শতভাগ বাড়িতেই জৈব সার উৎপাদন করে নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগীতা করছেন।

কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি অফিসার কর্মকর্তা এমদাদ হোসেন জানান,জৈব সার উৎপাদনে নিয়ামতপুর ইউনিয়নের দাপনা গ্রামের কৃষাণীরা অনেক এগিয়ে। কৃষি অফিস তাদেরকে সার্বিক সহযোগীতা দিয়ে আসছে।