বিনোদন ডেস্ক।।
আসছে নারীদের নিয়ে নতুন গান ‘নারী যায় বাড়ি’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায়, পিলু খানের সুরে গানটি গেয়েছেন ৩ কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। আগামী ৮ই মার্চ নারী দিবসে গানটির ভিডিও আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী। গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী জানান, নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো পুত্রের ঘর। তার নিজের ঘর কি সে কখনো খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান ‘নারী যায় বাড়ি’। কোনাল জানান, কিংবদন্তি দুইজন মানুষের গান করতে পেরে আমি আনন্দিত। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারা আমার সংগীতজীবনে এক বড় অর্জন। মাশা ইসলাম বলেন, সবার সঙ্গে কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে। শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান আমাদের গানের জগতে দুই মহীরুহ। তাদের সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। অন্তরা বলেন, একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের মতো বরেণ্য মানুষের সান্নিধ্য আমার জন্য পরম পাওয়া। ‘নারী যায় বাড়ি’ গানটি ৮ই মার্চ থেকে সারা বিশ্বের সব স্ট্রিমিং প্ল্যাটফরমে শোনা যাবে।









































