Home খেলাধুলা মেসির গোলেও ৫ ম্যাচে চতুর্থ হার এড়াতে পারেনি মায়ামি

মেসির গোলেও ৫ ম্যাচে চতুর্থ হার এড়াতে পারেনি মায়ামি

0


স্পোর্টস ডেস্ক


মৌসুমে নিজের ১৪তম গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না লিওনেল মেসি। টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেয়েছে মায়ামি।

ঘরের মাঠে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র আট মিনিট আগে রদ্রিগো দে পলের বাড়ানো বল থেকে প্রথমবারের চেষ্টায় নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মেসি। তবে শেষ মুহূর্তে মায়ামির মরিয়া চেষ্টা আর সমতা ফেরাতে পারেনি। ফলে কানাডার দলটির কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে টরন্টোকে এগিয়ে দেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। এই জয় চলতি মৌসুমে ২১ ম্যাচে টরন্টোর মাত্র পঞ্চম জয়।

লিগস কাপ থেকে প্রথম ধাপেই বিদায় নেওয়ার সময় দুটি হারের পর গত সপ্তাহে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরেছিল মায়ামি। এরপর মাঝ সপ্তাহে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে হারের ধারা থামিয়েছিল দলটি। ওই ম্যাচেও গোল করেছিলেন মেসি। তবে মায়ামির শেষ জয় এসেছে প্রায় এক মাস আগে।

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোটার্স শিল্ড—দুই প্রতিযোগিতার শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। ইস্টার্নে মায়ামি এখনো দ্বিতীয় স্থানে থাকলেও গত মৌসুমের লিগ শিরোপাজয়ী দলটির এখন শীর্ষ চারে থেকে প্লে-অফের প্রথম পর্বে ঘরের মাঠে খেলার সুযোগ নিশ্চিত করাই বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেন, ‘এই মুহূর্তে আমরা এমন ফলাফলের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যা আগে আমাদের ছিল না। এই সংকট আমাদের মানসিক অবস্থায় প্রভাব ফেলছে। এ কারণেই অনেক সময় বিষয়গুলো আমাদের পক্ষে যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমি আবারও বলব, এবং সব সময় একই কথা বলি—আমরা যখন টানা হারের মধ্যে থাকি, তখন এর দায় আমার। আমি যাদের সঙ্গে কাজ করি, তাদের নিয়ে আমাদের বিষয়গুলো গড়ে তুলতে ও উন্নত করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারি।’

এপ্রিল মাসে সাবেক কোচ হাভিয়ের মাসচেরানোর স্থলাভিষিক্ত হওয়া হয়োস জানান, সাম্প্রতিক বাজে ফলাফলের কারণে তার চাকরি নিয়ে ক্লাবের মালিকপক্ষের কাছ থেকে তিনি এখনো ‘কোনো কিছু শোনেননি’। এর আগে তিনি দলের ক্রীড়া পরিচালকের দায়িত্বে ছিলেন।

টরন্টোর বিপক্ষে হারের আগে শুক্রবার মায়ামির জন্য আরও দুঃসংবাদ আসে। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে পৃথক দুটি ঘটনায় প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের অংশে সংস্পর্শের কারণে মেসি ও রক্ষণভাগের খেলোয়াড় ইয়ান ফ্রে-কে জরিমানা করা হয়। জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

অন্যদিকে টরন্টোর পরিস্থিতি এখন বেশ ভালো। টানা চার ম্যাচ অপরাজিত থেকে দলটি আবারও প্লে-অফের লড়াইয়ে ফিরেছে।

টরন্টোর হয়ে শনিবার গোল করা জশ সার্জেন্ট বলেন, ‘সবকিছু নিখুঁত—এমন ভান করব না। আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আমি মনে করি, এই দলের মানসিকতা অসাধারণ। আমরা শেষ পর্যন্ত লড়াই করি।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে শার্লটের বিপক্ষে আমরা ভালো ফল পেয়েছি, নিউ ইংল্যান্ডের বিপক্ষেও ভালো ফল পেয়েছি। আর এটি আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ জয়। আশা করি, আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং সামনে এগিয়ে যেতে থাকব।’