Home বিনোদন ‘দেশে আসার পরই আমার ওপর মব তৈরি হবে’

‘দেশে আসার পরই আমার ওপর মব তৈরি হবে’

0


বিনোদন ডেস্ক।।

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার সময় শুটিংয়ে নেপালে ছিলেন অভিনেতা জাহের আলভী। এরই মধ্যে ইকরার মৃত্যুর জন্য আলভী ও তার কথিত প্রেমিকা ইফফাত আর তিথিকে দায়ী করেছে পরিবার। স্ত্রীর মৃত্যুর ঘটনায় আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলাও দায়ের হয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর পরের দু’দিন আড়ালে থাকলেও সোমবার রাতে নিজের ফেসবুকে প্রায় আধাঘণ্টার একটি ভিডিওবার্তা প্রকাশ করেন অভিনেতা। যেখানে তাকে বেশ বিধ্বস্ত ও ভীত মনে হয়েছে। আলভী বলেন, গল্পের একটা পাতা পড়েই জাজ করছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন। কিন্তু পাতার একপাশ পড়বেন, অন্যপাশ পড়বেন না; তা তো হয় না। তিনি বলেন, আপনারা বলছেন, যে মানুষটা (ইকরা) ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল- শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি আসলাম না! আলভী বলেন, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রেখেছেন? দেশে আসার পরই আমার ওপর মব তৈরি হবে, আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত এত থ্রেটস। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কাছে এমন তথ্যও এসেছে যে, আমি দেশে আসলে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে ঠিক আছে, আমি সেটা আইনিভাবে মোকাবিলা করবো। কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের (পুত্র) মায়ের কাছে চলে যাই- তাহলে রিজিকের কি হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কি দোষ? সে কীভাবে বড় হবে? মাও থাকবে না, বাবাও থাকবে না- আপনারা এটা চান? ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেননি, তার পরিবার আমাকে দেখতে দেয় নাই। তিনি বলেন, ১৬ বছর ইকরার সঙ্গে সংসার করেছি। একটা মানুষ যদি তার শত্রুর সঙ্গেও ১৬ বছর সংসার করে, এক ছাদের নিচে থাকে- সে মারা গেলে তাকে দেখার জন্য ছটফট করে। আর সে আমার বউ ছিল, ভালোবেসে আমরা বিয়ে করেছি। সে মারা গেছে, শেষবারের মতো তার চেহারা আমি দেখবো না?