স্টাফ রিপোর্টার।।
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিকুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়। এর আগে গত সোমবার কমিশন থেকে মামলার অনুমোদন দেওয়া হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন-আতাউদ্দিন রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের লিড পার্টনার এ কে এম আতাউদ্দিন রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুর রহমান, কেডিএর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মামুন জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
দুদকের অভিযোগ অনুযায়ী, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউদ্দিন রহমান খান লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। তবে প্রকল্পের শর্ত ও নকশা অনুযায়ী কাজ সম্পন্ন না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
দুদকের অনুসন্ধানে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রকল্প তদারকি ও বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আসামি করে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একনেকের সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক নির্মাণে দীর্ঘ ১৩ বছর ধরে চলা নজিরবিহীন বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।











































