স্পোর্টস ডেস্ক।।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে খুলনার বিপক্ষে জিততে পাঁচ উইকেটে ১০১ রান করতে হতো শেষ দিন। সেই ম্যাচেই কিনা হেরে গেছে চট্টগ্রাম। তাদের হারিয়েছে খুলনার অখ্যাত এক স্পিনার। ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার কনকাশন সাব নেমে ইনিংসে পাঁচ উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করেন তিনি।
খুলনার সামিউর বশির দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পান। লাইক টু লাইক বোলার নেওয়া হয় রাকিবকে। এ বছর তৃতীয় বিভাগ লিগ খেলা বাঁহাতি এই স্পিনার সুযোগ পেয়ে ঝলক দেখান। খুলনার কোচ তুষার ইমরান এক প্রকার জোর করে দলে নিয়েছিলেন তাঁকে। খেলার সুযোগ পেয়ে কোচের সম্মান রাখেন তিনি।
তুষার ফোনে সমকালকে বলেন, ‘আব্দুর রাজ্জাক অবসর নেওয়ার পর শূন্যতা তৈরি হয়। সেখানে একজন স্পিনার খুঁজছিলাম। রাকিবকে ওয়াইসিএলে দেখে পছন্দ হয়। বড় কোনো লিগ বা টুর্নামেন্টে না খেলায় নির্বাচকরা তাকে প্রথম শ্রেণির লিগে নিতে চাননি। এনসিএল দ্বিতীয় একাদশে খেলাতে বলেছিলেন নির্বাচকরা। আমি প্রথম থেকে চেয়েছি জাতীয় লিগে। শেষ পর্যন্ত স্কোয়াডে নিতে পেরেছি, এই ম্যাচে ভালো করায় কন্ডিশন অনুযায়ী একাদশে নেওয়া সম্ভব হবে।’
২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন পাঁচ উইকেটে ১৭৪ রান করেছিল চট্টগ্রাম। শেষ দিন পাঁচ উইকেটে ১০১ রান করতে হতো তাদের। রাকিব হাওলাদার ও শেখ মেহেদীর বিধ্বংসী বোলিং তোপে চট্টগ্রাম অলআউট হয় ২৬৪ রানে। খুলনা ম্যাচ জেতে ১০ রানে। তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল খুলনা।
চট্টগ্রামে বাজিমাত করেছে সিলেট। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়েছে ৩৭ রানে। ২১১ রানের লক্ষ্য পায় রংপুর। এই রান তাড়া করতে নেমে ১৭৩ রানে অলআউট হয় নাসুম আহমেদ ও নাঈম আহমেদের বোলিংয়ে। এ দুই স্পিনার ৯ উইকেট নেন ইনিংসে। নাসুম ৬৯ রানে পাঁচ উইকেট আর নাঈম ৫৪ রানে চার উইকেট নেন। এনসিএলের চলতি মৌসুমে প্রথম জয় পেল রাজশাহী। তৃতীয় রাউন্ডে বরিশালকে আট উইকেটে হারায় তারা।











































