স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ের পর এবার এল ক্লাসিকোর প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলের। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকায় আসন্ন এই লড়াইটি রিয়ালের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবধান কমিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইবে না লস ব্লাঙ্কোসরা।
লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে এমবাপ্পে জানান, ইউরোপীয় প্রতিযোগিতায় মাঠে নামার আগে পুরো দলের মনোযোগ ছিল কেবল সেই ম্যাচকে ঘিরে। এল ক্লাসিকোর গুরুত্ব থাকলেও আগের ম্যাচের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাননি তারা।
এফসিবি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার বিপক্ষে ম্যাচের গুরুত্ব তুলে ধরে এমবাপ্পে বলেন, ‘এল ক্লাসিকো অন্য যেকোনো ম্যাচের চেয়ে সম্পূর্ণ আলাদা। তবে আমরা আগে কেবল লাইপজিগ ম্যাচ নিয়েই ভাবছিলাম। রোববার কী ঘটবে, তা নিয়ে ভাবার সময় এখন এসেছে।’
ফরাসি ফরোয়ার্ড আরও জানান, আসন্ন ক্লাসিকোর উত্তেজনা তাদের ইউরোপীয় ম্যাচের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি। তার কথায়, ‘এর আগে পুরো দল রোববারের ম্যাচটি নিয়ে কোনো চিন্তাই করেনি।’
এদিকে বার্সেলোনার বিপক্ষে লড়াই নিয়ে আত্মবিশ্বাসী রিয়ালের তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরও। ম্যাচটিকে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি অনেক বড় একটি ম্যাচ, একদম সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের লড়াই। জয় পেতে আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।’
রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিটি ম্যাচে জয়ের প্রত্যাশার কথাও মনে করিয়ে দিয়েছেন গুলের। ক্লাবটির জার্সির মর্যাদা ও সমর্থকদের প্রত্যাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ, প্রতিটি ম্যাচেই জেতা আমাদের দায়িত্ব। আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
গুলেরের বক্তব্যে স্পষ্ট, বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা বার্সেলোনার জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। এই লড়াইয়ে জয় পেলে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে কাতালান ক্লাবটি।
পিএসজির বিপক্ষে হতাশাজনক ফলের পর বার্সেলোনা এল ক্লাসিকোতে ঘুরে দাঁড়াতে চাইবে। রিয়ালকে হারাতে পারলে তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৯-এ পৌঁছাবে, যা শিরোপার লড়াইয়ে বার্সেলোনাকে বাড়তি স্বস্তি দিতে পারে। দুই দলের জন্যই আসন্ন এল ক্লাসিকো কেবল মর্যাদার লড়াই নয়, লা লিগার শিরোপা দৌড়েও বড় প্রভাব ফেলতে পারে।











































