Home খেলাধুলা ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

0


ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষসহ টুর্নামেন্টে একাধিক ঘটনায় ফিফার কঠোর শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা। তিন খেলোয়াড়সহ কোচিং স্টাফের সদস্যদের নিষেধাজ্ঞা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) বড় অঙ্কের জরিমানার পর এবার পাল্টা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল সংস্থা।

গত শুক্রবার ফিফার ডিসিপ্লিনারি কমিশন বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদার ওপরও নিষেধাজ্ঞা এসেছে। ফাইনালের পরের ঘটনায় আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় স্পেনের গাভিও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। শাস্তির পাশাপাশি খেলোয়াড়দের জরিমানাও করা হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে। অন্যদিকে শাস্তি পাওয়া বাকি ব্যক্তিদের প্রত্যেককে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

তবে ফিফার তদন্ত শুধু ফাইনালের পরের সংঘর্ষে সীমাবদ্ধ ছিল না। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো বিভিন্ন অভিযোগের তদন্ত করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শনের ঘটনাও শাস্তির আওতায় এসেছে। এসব ঘটনায় এএফএকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শক ধারণক্ষমতার ওপর বিধিনিষেধ দিয়েছে ফিফা। মোট জরিমানার ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি কর্মসূচিতে ব্যয় করার নির্দেশও দেওয়া হয়েছে।

ফিফার সিদ্ধান্তের পর গত শুক্রবার নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে এএফএ। সংস্থাটি জানিয়েছে, ফিফার কাছ থেকে পাওয়া নোটিশগুলোর পরিপ্রেক্ষিতে নিজেদের এবং খেলোয়াড়দের অধিকার রক্ষায় আইনি প্রক্রিয়ায় যাবে তারা।

এএফএর ভাষ্য অনুযায়ী, শাস্তির সিদ্ধান্তগুলোর পেছনের বিস্তারিত কারণ জানতে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে। এরপর ফিফার আপিল কমিটির কাছে সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে এখানেই থামতে চায় না আর্জেন্টিনা। আপিল প্রক্রিয়ায় কাক্সিক্ষত ফল না এলে শেষ পর্যন্ত স্পোর্টস আরবিট্রেশন কোর্ট বা ক্রীড়া সালিশি আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও খোলা রেখেছে এএফএ।

অর্থাৎ ফিফার শাস্তি মেনে নেওয়ার পরিবর্তে আইনি লড়াইয়ের পথেই হাঁটছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, আপিলের মাধ্যমে পারেদেস, মোলিনা ও অন্যদের নিষেধাজ্ঞা কমানো বা বাতিল করা সম্ভব হয় কিনা।