Home আঞ্চলিক মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ:কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ:কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

6


সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই হামলায় গুরুতর জখম হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ও আহত রুহুল আমিন উভয়েই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে।

নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুহুল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন বলে চিকিৎসক নিশ্চিত করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। তারা হলেন কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের পিতা জামাল উদ্দিন (৬২) এবং মাতা শাহানারা খাতুন (৫৫)।

ওসি আরও জানান, সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।