Home বিনোদন ৭ বছর পর…

৭ বছর পর…

8


বিনোদন ডেস্ক।।


দীর্ঘ ৭ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় দুই অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। নতুন নাটকের নাম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটির শুটিং শেষ হয়েছে গতকাল রোববার। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী।

ঢাকার উত্তরায় শুক্রবার শুটিং শুরু হয়। পরবর্তী দু’দিনে রাজধানীর আরও কয়েকটি লোকেশনে দৃশ্যধারণে অংশ নেন শিল্পীরা। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। অভিনয়ে আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।

দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়। ৭ বছর আগে সেই শুটিং হয়েছিল। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে- আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ।’

নাটকের গল্প প্রসঙ্গে দীপা বলেন, ‘এটি প্রেমের গল্প। চয়নিকা দিদি প্রেমের গল্প নির্মাণে আলাদা মুনশিয়ানা দেখান। তার স্বভাবসুলভ আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এই কাজেও আছে।’

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকে প্রয়োজন ছিল। দুটি চরিত্র এমন- যেগুলোর জন্য তাদের দুজনকেই উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ।’

বলা দরকার, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে, সেই নাটকের পরিচালকও ছিলেন চয়নিকা চৌধুরী।