Home আঞ্চলিক খুলনায় বিপিএমপিএ’র উদ্যোগে ৩০০ রিকশাচালকের মাঝে ইফতার বিতরণ

খুলনায় বিপিএমপিএ’র উদ্যোগে ৩০০ রিকশাচালকের মাঝে ইফতার বিতরণ

38

স্টাফ রিপোর্টার।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখা। সংগঠনের উদ্যোগে নগরীতে প্রায় ৩০০ জন রিকশাচালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল, সহ-সভাপতি ডা. এম. আর. খান, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো চিকিৎসকদের সামাজিক দায়িত্বেরই একটি অংশ। রমজানের পবিত্র মাসে এমন উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

ইফতার সামগ্রী পেয়ে রিকশাচালকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা।

বিপিএমপিএ নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।