মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মণিরামপুরে ঝাঁপা বাঁওরের ওপর নবনির্মিত সেতুর সংযোগ সড়ক বৃহস্পতিবার রাতে ধসে পড়ে। ছবি : কালের কণ্ঠ
নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই যশোরের মণিরামপুরে ঝাঁপা বাঁওরের ওপর নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেতুর উত্তরপাড়ের কোমলপুর অংশে প্রায় ১০০ মিটার সড়ক দেবে যায়।
স্থানীয়দের দাবি, পুরনো জরাজীর্ণ সেতু ভেঙে নতুন সেতু উঁচু করে নির্মাণ করায় আগের সড়ক নিচু হয়ে পড়ে। পরে দুই পাশে মাটি ফেলে সংযোগ সড়ক উঁচু করে এইচবিবি ইটের সলিং বসানো হয়।
তবে মাটি যথাযথভাবে শক্ত হওয়ার সময় না দিয়েই সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে হালকা যানবাহন চলাচল শুরু হলে ধসে পড়ে সড়ক।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্র জানায়, কর্মকর্তাদের তত্ত্বাবধানে গত বছরের মে মাসে এক কোটি ৯২ লাখ আট হাজার ২১১ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের সেতুর দুই পাশে ৫২৩ মিটার সংযোগ সড়কে ইটের সলিং বসাতে বরাদ্দ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার টাকা।
ঝিনাইদহের কাঞ্চননগরের ঠিকাদার নিশীত বসু প্রকল্পটি বাস্তবায়ন করেন। কিন্তু টানা বৃষ্টিতে বাওরে পানি বৃদ্ধি পাওয়ায় সাত মাস কাজ বন্ধ থাকে। পরে গত বছরের নভেম্বরের শেষ দিকে সংযোগ সড়কের কাজ শুরু হয়। কাজ শেষ হয়েছে প্রায় এক মাস আগে।
ঝাঁপা ইউনিয়নের কোমলপুর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু বলেন, মাটি বসার সুযোগ না দিয়ে সলিং বসানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে হয়তো এমন ধস নামতো না।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার নিশীত বসু বলেন, কাজ নিয়ম মেনেই করা হয়েছে; ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে।
আগামীকাল (রবিবার) তদন্ত টিম ঘটনাস্থলে যাবে এবং সংস্কার কাজ শুরু হবে।











































