শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। গ্যাসের বিকল্প জ্বালানির সন্ধানে অনেকেই ঝুঁকছেন কাঠের দিকে, ফলে আশপাশের বন ও গাছপালা কাটার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা হিরু জমাদ্দার জানান, কয়েক মাস আগেও যে সিলিন্ডার সহজে কেনা যেত, এখন তার দাম বেড়ে যাওয়ায় নিয়মিত গ্যাস ব্যবহার সম্ভব হচ্ছে না। তাই রান্না ও দৈনন্দিন কাজে লাকড়িই প্রধান ভরসা হয়ে উঠেছে।
সাহেলা বেগম নামে আরেকজন গৃহিণী বলেন, ‘গ্যাস কিনতে গেলে সংসারের অন্য খরচ চালানো কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে কাঠ ব্যবহার করছি।’ পরিবেশ সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে বনজসম্পদ দ্রুত হ্রাস পাবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি বাড়বে। তারা সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।










































