Home খেলাধুলা এশিয়ান কাপে নারী দলের জন্য শুভকামনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এশিয়ান কাপে নারী দলের জন্য শুভকামনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

5


স্পোর্টস ডেস্ক।।

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবল। প্রথমবারের মতো বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে।

এমন মুহূর্তে নারী দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল বলেছেন, ‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।‘

জানা গেছে, বাংলাদেশ দল আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ঋতুপর্ণা চাকমারা। সিডনিতে এক সপ্তাহের মতো ক্যাম্প করবেন আফঈদা খন্দকাররা। প্রতিযোগিতায় কঠিন দলের গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে সাবেক ৯ বারের চ্যাম্পিয়ন চীন। শক্তিশালী উজবেকিস্তানের সঙ্গে গ্রুপে আছে আরেক সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।

সূচি অনুযায়ী আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন বাংলাদেশ নারী দল।