স্পোর্টস ডেস্ক
ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগের এই ম্যাচটি ছাপিয়ে গেছে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে সৃষ্ট বিতর্ক।
মঙ্গলবার লিসবনের স্তাদিও দা লুজে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে বাঁকানো শটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ঠিক এরপরই তিনি অভিযোগ করেন, বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন।
ঘটনার পর রেফারি ফ্রাঙ্কইস টেলেক্সিয়ার ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকল অনুসারে ম্যাচ ১১ মিনিটের জন্য স্থগিত করেন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেসতিয়ান্নি মুখ ঢেকে কিছু বলেন, যা ভিনিসিয়ুস ও তার সতীর্থরা বর্ণবাদী মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন। স্পেনে একাধিকবার বর্ণবাদের শিকার হওয়া ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
ম্যাচ পুনরায় শুরু হলে স্টেডিয়ামের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ভিনিসিয়ুস বল ছুঁলেই তাকে দুয়ো ধ্বনি শোনানো হয়। এ সময় রিয়ালের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে বলেন, ‘স্টেডিয়ামে এত ক্যামেরা থাকার পরও কেউ যদি কিছু ধরতে না পারে, অথচ মুখ ঢেকে কথা বলা হয়-তাতে অনেক কিছুই বোঝা যায়। সতীর্থদের কাছ থেকে শুনেছি খুবই কুৎসিত কিছু বলা হয়েছে। ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে অনেকেই লড়ছে, ভিনিসিয়ুস তাদের একজন। আমি তার খেলায় ও সাহসে গর্বিত।’
অভিযোগ অস্বীকার করে প্রেসতিয়ান্নি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি কখনও কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করিনি। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে হুমকি পাওয়ায় আমি দুঃখিত।’
ম্যাচের শুরুতে বেনফিকা আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ২৫ মিনিটে ফ্রেডরিক আউরসনেসের জোরালো শট দারুণ এক হাতে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের শটও ঠেকিয়ে দেন আনাতোলি ত্রুবিন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে ম্যাচের একমাত্র গোল। এমবাপ্পের পাস পেয়ে বাম দিক থেকে কাট-ইন করে বক্সের বাইরে থেকে অসাধারণ কার্লিং শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। গোল উদ্যাপনে কর্নার ফ্ল্যাগের পাশে নাচ করায় তাকে হলুদ কার্ড দেখান লেতেক্সিয়ের।
পরবর্তীতে আবার উত্তেজনা ছড়ায়। ৮৫ মিনিটে ভিনিসিয়ুস রিচার্ড রিওসকে ফাউল করলে বেনফিকা কোচ হোসে মরিনহো দ্বিতীয় হলুদের দাবি জানান। প্রতিবাদ করায় তাকেই হলুদ কার্ড দেখানো হয় এবং ক্ষোভ প্রকাশ অব্যাহত রাখায় দ্বিতীয় হলুদ পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে মোরিনহো বলেন, ‘আমি প্রেসিয়ান্নি বা ভিনিসিয়ুস-কারও পক্ষেই শতভাগ যেতে পারি না। কী হয়েছে আমি জানি না। তবে গোলের পর ভিনিসিয়ুস সতীর্থদের সঙ্গে উদ্যাপন করলেই ভালো হতো, ৬০ হাজার দর্শকের সামনে গিয়ে নয়।’
সব মিলিয়ে নাটকীয় ও বিতর্কিত এই ম্যাচে এক গোলের লিড নিয়ে মাদ্রিদে ফিরছে রিয়াল, যেখানে ফিরতি লেগে চূড়ান্ত লড়াই হবে।











































