Home খেলাধুলা অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

7


ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গ্রুপপর্ব থেকে বিদায় নিল ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিলেন অসিরা।

গতকাল শ্রীলংকার পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল।

তিন ম্যাচ খেলে ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রথম পর্বের বাধা টপকাল জিম্বাবুয়ে। এর আগে ২০২২ সালে প্রথম পর্ব টপকিয়ে সুপার টুয়েলভে খেলেছিল তারা।

জিম্বাবুয়ের আগে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলংকা। তিন ম্যাচ খেলে ৩টিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছেন লংকানরা।

জিম্বাবুয়ের সুপার এইট নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। তিন ম্যাচ খেলে ১ জয় ও ২টি হারে ২ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া।

ওমানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও শ্রীলংকা বা জিম্বাবুয়েকে টপকে যেতে পারবে না অস্ট্রেলিয়া। গ্রুপপর্বের সব ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে আয়ারল্যান্ড।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইটে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে প্রতি ম্যাচের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা রাখা হয়েছে। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।