Home খেলাধুলা মাশরাফি-সাকিবকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মাশরাফি-সাকিবকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

6


ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য ছিলেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এরপর আর দেশে ফিরতে পারেননি সাকিব। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয় আবার জাতীয় দলে ফিরতে চান। দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা তার। মাশরাফি বিন মোর্ত্তজা অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি নিয়মিত মুখ ছিলেন। মাশরাফিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেখ হাসিনার পতনের পর মাশরাফি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

গতকাল তিনি বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে ফিরে আসে। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’ সাকিবকে ফেরানোর ইঙ্গিত দিয়ে এর আগে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করেছি, সে চায় দেশ থেকে বিদায় নিতে। সেটা আমরা শুনেছি, যার কারণে বিবেচনা করেছি। সরকারের সঙ্গে কথা হয়েছে। আবার যদি নতুন সরকার এসে না চায় তাহলে কিছু করার থাকবে না। কিন্তু আমরা (বিসিবি) চাই সাকিব আবার খেলুক।’