বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান গনি সরদার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওসমান গনি সরদার উপজেলার পারনওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং শাহাজান সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ওসমান গনি সরদারসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত খুলনায় নেওয়া হলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘ওসমান সরদারের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু হয়েছে।’










































