স্টাফ রিপোর্টার
খুলনার রাজনীতিতে দুজন হেভিওয়েট প্রার্থী যথাক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জু।
দুজনই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দুটি আসন থেকে। এর মধ্যে জামায়াতের হয়ে খুলনা-৫ আসনে লড়েন মিয়া গোলাম পরওয়ার এবং বিএনপির হয়ে খুলনা-২ আসনে প্রার্থী হয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় বরণ করেছেন। এর মধ্যে মিয়া গোলাম পরওয়ার হারেন বিএনপির আলী আসগার লবির কাছে এবং মঞ্জু হারেন জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের কাছে। আলী আসগর লবি সাবেক এমপি হলেও জামায়াতের হেলাল সংসদ সদস্য হিসেবে একেবারেই নতুন।
খুলনার অন্য চারটি আসনে যারা বিজয়ী হয়েছেন তারাও সবাই এবার নতুন মুখ। তবে দুজনের রয়েছে ছাত্র রাজনীতির গর্বিত ইতিহাস।
খুলনা-৪ আসনের বিএনপির হয়ে বিজয়ী হওয়া আজিজুল বারী হেলাল ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি। বিজয়ী অন্য দুজন হলেন খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান এবং খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ।











































