Home আঞ্চলিক খুলনায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

খুলনায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

11


স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলায় মোহর আলী (৪৫) নামে এক মিষ্টির দোকানের কারিগরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর স্ত্রী হোসনে আরা পলাতক রয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ২২ বছর আগে দাকোপ উপজেলার বাজুয়া এলাকার মুরারী নামের এক ব্যক্তি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহর আলী নাম ধারণ করেন। পরে তিনি রূপসা উপজেলার জয়পুর গ্রামের হোসনে আরাকে বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন। তিনি ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করতেন।
বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাড়িতে ফেরেন মোহর আলী। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন।
নিহতের ছেলে শিমুল হোসেন জানান, তিনি বাবা-মায়ের পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। সকালে তার মা দরজায় নক করে খোলা রাখতে বলেন। ভোর ৬টার দিকে ভগ্নিপতির চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়ে বাবার মরদেহ দেখতে পান।
তিনি দাবি করেন, তার বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তিনি। ঘটনার পর থেকে তার মায়ের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রাজ্জাক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।