ক্রীড়া প্রতিবেদক
নগরীর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি (অনূর্ধ্ব ১৩) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুল পর্যায়ে শিশুদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হওয়ার পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। সবল দেহ ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় ক্রিকেট এখন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় ক্রিকেট দল ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে সুনাম বয়ে আনছে। তাই ভালোমানের খেলোয়াড় তৈরীতে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায়ও উৎসাহিত করতে হবে।
সময়ের প্রয়োজনে খুলনা মহানগরীর সীমানা স¤প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সিটি মেয়র আরো বলেন, স¤প্রসারিত এলাকায় পরিকল্পিতভাবে নগরায়নের পাশাপাশি পর্যাপ্ত খেলার মাঠসহ চিত্তবিনোদনের ব্যবস্থা রাখা হবে।
সানফাওয়ার ক্রিকেট একাডেমীর সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সাবেক কোষাধ্যক্ষ শেখ নূর মোহাম্মদ, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জাহিদুল হক, সানফাওয়ার ক্রিকেট একাডেমীর প্রধান উপদেষ্টা শেখ মনিরুজ্জামান মনির ও প্রত্যাশা ক্রিকেট একাডেমীর পরিচালক তরিকুল ইসলাম আবির। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া’র ব্যবস্থাপনায় পরিচালিত টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বয়রা তরুণ ক্রিকেট একাডেমী ও প্রত্যাশা ক্রিকেট একাডেমী প্রতিদ্বদ্বিতা করেন এবং উদ্বোধনী দিনের খেলায় প্রত্যাশা ক্রিকেট একাডেমী জয় লাভ করে।
ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরু শুক্রবার
ক্রীড়া প্রতিবেদক
ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ১৩ ও ১৭ নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল আনুষ্ঠানিক সম্মতি জানানোর পরই ব্যস্ততা শুরু বাফুফের। একদিন আগে ম্যাচ দুটির জন্য ঘোষণা করা হয়েছে ৩৬ জনের প্রাথমিক দল। গত আগস্টে যে প্রাথমিক দলটি ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ ম্যাচের জন্য, সেই দলটিই অপরিবর্তিত রাখা হয়েছে। খেলোয়াড়রা করোনা পরীক্ষা করে আসবেন। যাদের রিপোর্ট নেগেটিভ হবে তাদেরই ওঠানো হবে ক্যাম্পে।
প্রধান কোচ জেমি ডে আসবেন ২৯ অক্টোবর। শুক্রবার খেলোয়াড়রা রিপোর্ট করবেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সেখান থেকেই বাংলাদেশ দল অনুশীলন করবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে। নেপাল ফুটবল দল অনুশীলন করবে শেখ জামাল ধানমন্ডি কাব মাঠ ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে।
ঘোষিত দল এবং ম্যাচের প্রস্তুতিসহ আনুষাঙ্গিক বিষয়ে নিয়ে বুধবার অনলাইনে সংবাদ সম্মেলন করেছে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
করোনার কারণে খেলাধুলা বন্ধ হয়েছিল। এখন আস্তে আস্তে বিভিন্ন খেলা মাঠে গড়াচ্ছে। ফেডারেশন কাপ দিয়ে ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা ফুটবল। তার আগে এই দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। কোচ জেমি ডে এবং ন্যাশনাল টিমস কমিটি প্রধান ফুটবল মাঠে ফেরাকেই বেশি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। ২৯ অক্টোবর ঢাকায় এসে কোয়ারেন্টাইন শেষে দলের অনুশীলনে যোগ দেবেন জেমি ডে। দুই সপ্তাহের মতো সময় পাবেন তিনি। যা আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়।
কোচ জেমি ডে বলেছেন, ‘দলকে প্রস্তুত করতে দুই সপ্তাহ খুবই অল্প সময়। ম্যাচের আগে আমাদের কমপক্ষে আট সপ্তাহ প্রস্তুতির দরকার ছিল। যেহেতু ম্যাচের আগে সময় কম। তাই আমাদের সেভাবেই প্রস্তুত হতে হবে। ফিফা ফ্রেন্ডলির মধ্য দিয়ে বাংলাদেশে ফুটবল ফিরছে, এটাই বড় বিষয়।’
আগামী বছর নিউজিল্যান্ড সফরে যাবে যুবারা
ক্রীড়া প্রতিবেদক
একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের অপর দলটি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯।
সূচি অনুযায়ী ২০২১ সালের আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রাথমিকভাবে বাংলাদেশ যুব দলটি ছয়টি ম্যাচ খেলবে। আর যদি ফাইনালে উঠতে পারে জুনিয়া টাইগাররা খেলবে সাতটি । ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি আয়োজন করা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ দল। আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে বাংলাদেশ। গত ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের একটি আবাসিক ক্যাম্প সম্পন্ন করেছে দলটি। দক্ষতা ও মেধার ভিত্তিতে বিশ্বকাপের জন্য একটি চূড়ান্ত দল গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এ দলটির খেলোয়াড়রাই অংশ নেবে।
আহত হয়ে মাঠের বাইরে মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
মুশফিক ভক্তদের জন্য দুঃসংবাদ। ক্যাচ ধরতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহীম। শুধু ব্যথা পেয়েছেন বললে কম বলা হবে। তামিম বাহিনীর ইনিংসের ২৬ নম্বর ওভারে কাঁধে ব্যথা পেয়ে মাঠও ছেড়ে যেতে হয়েছে দেশ বরেণ্য এ ক্রিকেটারকে।
ওই সময় বোলার ছিলেন পেসার আল আমিন। তার লাফিয়ে ওঠা ডেলিভারিতে পরাস্ত হন ইয়াসির রাব্বি। ছাড়বো না খেলবো করে শেষ মুহূর্তে ব্যাট চালিয়ে দেন। বল ব্যাটের ওপরের দিকের বাইরের অংশে লেগে চলে যায় উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে শর্ট থার্ডম্যান আর স্কোয়ার গালির মাঝামাঝি। উইকেটকিপার মুশফিক অন্তত ১০-১২ গজ ছুটে গিয়ে তা ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে মাটিতে শরীর ফেলে দেন তিনি; কিন্তু বল তার নাগালের বাইরে গিয়ে পড়ায় গ্লাভসে নেয়া সম্ভব হয়নি। এ সময় বল ধরতে না পারা মুশফিকের কাঁধে ঝাঁকি লাগে। সেই ঝাঁকুনিতেই ব্যথার উপক্রম হয়। এরপরই ব্যথার কারণে মাঠ ছেড়ে সাজঘরে চলে যান মুশফিক। সাজঘরেও চলে তার পরিচর্যা। তবে, তার কাঁধের প্রকৃত অবস্থা কি, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
বেঙ্গল টাইগার্সের ১৭ বছর
ক্রীড়া প্রতিবেদক
২০০৩ সালের ২০ অক্টোবর, ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক কাব বেঙ্গল টাইগার্সের পথচলা। এরপর ১৭ বছর ধরেই গ্যালারি মাতিয়ে টাইগারদের সমর্থন দিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম ফ্যান কাব বেঙ্গল টাইগার্সের।
গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান কাব বেঙ্গল টাইগার্স উদযাপন করেছে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থেকে বিরত থেকেছে তারা। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেলের উদ্যোগে এদিন মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের দিয়ে কেক কেটে বেঙ্গল টাইগার্স প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, সদস্য আসাদুজ্জামান শাহীন, শামীম চৌধুরী ও অনিমেষ দাসসহ অনেকে।
প্রথম ম্যাচে জিতল জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন আলভারো মোরাতা। পেলেন জোড়া গোলের দেখা। সুবাদে কোচ আন্দ্রেয়া পিরলোর জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে নিজেদের নতুন মিশন শুরু করল জয় দিয়ে। ম্যাচে স্বাগতিক প্রতিপক্ষ ডিনামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো হীন জুভ শিবির।
ম্যাচের ৪৬তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে খেলতে মোরাতা। আর ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন এ স্প্যানিশ স্ট্রাইকার। তবে মাঠের লড়াইয়ে ছিলেন না সিআর সেভেন। করোনাভাইরাসে পজিটিভ হওয়ায় নিজের ঘরেই এখন আইসোলেশনে রয়েছেন এ পর্তুগিজ ফুটবল মহাতারকা।
মেসির রেকর্ড ছোঁয়ার রাতে বার্সার গোল উৎসব
ক্রীড়া প্রতিবেদক
রায়ান গিগসের রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ উইঙ্গারের ১৬ মৌসুমে গোল করার কৃতিত্বের ভাগীদার হলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।
মেসির রেকর্ড ছোঁয়ার রাতে দশ জনের বার্সেলোনা মেতে উঠল গোল উৎসবে। কাতালানরা ৫-১ গোলে উড়িয়ে দিলো হাঙ্গেরিয়ান প্রতিপক্ষ ফেরেঙ্কভারোসকে। ন্যু ক্যাম্পে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন প্রাণভোমরা মেসি। ইউরোপ সেরাদের লড়াইয়ে এটি তার ১১৬তম গোল। এরপর একে একে গোল করেন আনসু ফাতি, ফিলিপ্পে কুতিনহো। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেরার্ড পিকে। সিনিয়র দলের হয়ে প্রথম গোল করেন ১৭ বছরের পেদ্রি। ব্যবধান আরও বাড়িয়ে দেন ওসমান ডেম্বেলে। ফরাসি তারকার গোলে সহায়তা করেন মেসি। প্রতিপক্ষ ফেরেঙ্কভারোসের হয়ে একটি গোল শোধ করেন ইহোর খারাতিন।
রেড ডেভিলে ধরাশায়ী নেইমার-এমবাপ্পেরা
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠে হার মেনেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দেস প্রিন্সেসে নেইমার-এমবাপ্পেদের ২-১ গোলে ধরাশায়ী করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি থেকে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। ৫৫তম মিনিটে অ্যান্থনি মার্শালের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিক পিএসজি। তবে ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে মার্কাস রাশফোর্ড জয় সূচক গোল এনে দিয়ে রেড ডেভিল শিবিরে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেন।
চেলসির মাঠে সেভিয়ার ড্র
ক্রীড়া প্রতিবেদক
দুই দলই সুযোগ তৈরি করল বেশ কিছু। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা আর প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় মিলল না গোলের দেখা। অমীমাংসিতভাবে শেষ হলো চেলসি ও সেভিয়ার লড়াই। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের প্রথম দেখায় শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল সেভিয়া। ১৮তম মিনিটে এগিয়ে যেতে পারত গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী দলটি। তবে নেমানিয়ার হেড ফিরিয়ে চেলসির ত্রাতা গোলরক্ষক এদুয়াঁ মঁদি। ঘরের মাঠে ৩১তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিতে পারে চেলসি। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে টিমো ভেরনারের দুর্বল শট সহজেই ধরে ফেলেন সফরকারী গোলরক্ষক। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। মার্কোস আকুনার ক্রস থেকে সুসোর হেড যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে লুকাস ওকামপোসের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মঁদি।
বিরতির পর আক্রমণে ধার বাড়ে চেলসির। ৫৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভেরনারের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ৬৭তম মিনিটে ইভান রাকিতিচের কর্নার থেকে সেভিয়ার এক খেলোয়াড়ের বুলেট গতির ভলি উড়ে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে।
চার খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করল বার্সেলোনা
ক্রীড়া প্রতিবেদক
এবারের দলবদলের মৌসুমটা পুরোপুরি তিক্ত অভিজ্ঞতাসম্পন্ন ছিলো বার্সেলোনার জন্য। প্রথমত, দলের অধিনায়ক লিওনেল মেসি কাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন; যা নিয়ে নানান নাটকীয়তা চলে প্রায় দেড় সপ্তাহ ধরে। সেই ঝামেলা মিটিয়ে আরও এক মৌসুম বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন মেসি।
কিন্তু এরপর আবার দলের নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, টাকার অভাবে নিজের মনমতো দল সাজাতে পারেননি তিনি। এছাড়া বেশ কিছু খেলোয়াড়কে স্রেফ নামমাত্র মূল্যে বিক্রি করেছে বার্সেলোনা। সবমিলিয়ে ট্রান্সফার উইন্ডোর ব্যর্থতাটা বেশ বড় হয়েই দাঁড়াচ্ছিল বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউয়ের জন্য। তবে এরই মাঝে একটি ইতিবাচক কাজ করতে পারলেন বার্তেমেউ। দলের চার খেলোয়াড় জেরার্ড পিকে, মার্ক টের স্টেগান, ফ্রেংকি ডি ইয়ং এবং কেমেন্ত লংলের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। যেটিকে বার্তেমেউয়ের অন্যতম ভালো একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক এমপিটস্যাং
ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক হলেন ভিক্টর এমপিটস্যাং। লিন্ডা জোন্ডির শূন্যস্থান পূরণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই মিডিয়াম পেসার। আগামী ২ নভেম্বর থেকে পুরোপুরি কাজ শুরু করবেন তিনি। তার নিয়োগের খবর এক বিজ্ঞপ্তিতে বুধবার নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর গ্রায়েম স্মিথ।
এমপিটস্যাংয়ের প্রথম কাজ হবে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা করা, যা শুরু হবে ২৭ নভেম্বর। এছাড়া টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচনের দায়িত্বও নিতে হবে তাকে। গত জানুয়ারিতে পদত্যাগ করেন ফাফ দু প্লেসিস। ওই সময় নির্বাচক প্রধানের দায়িত্বে ছিলেন জোন্ডি।
২০১৯ সালের বিশ্বকাপ থেকে পূর্ণাঙ্গ নির্বাচন প্যানেল নেই দক্ষিণ আফ্রিকার। গত বছরই এই পদটির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেপ্টেম্বরে সাক্ষাৎকার দেন প্রার্থীরা। এমপিটস্যাংয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন লায়ন্স নির্বাচক প্যাট্রিক মরোনে ও জাতীয় দলের সাবেক নির্বাচক হুসেইন ম্যানাক।
আইপিএল থেকে ছিটকে গেলেন ব্র্যাভো
ক্রীড়া প্রতিবেদক
রাজস্থান রয়্যালসের কাছে গত ম্যাচে হেরে তাদের প্লে-অফের আশা যে কার্যত শেষ হয়ে গিয়েছে তা স্বীকার করে নিয়েছেন খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর থেকে যে বিপত্তি চেন্নাই সুপার কিংস শিবিরে শুরু হয়েছিল তা থেকে বেরিয়ে এসে চলতি টুর্নামেন্টে মেজাজে পাওয়া যায়নি ইয়েলো ব্রিগেডকে। প্রতি পদে অনুভব হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়নার অনুপস্থিতি।
সবমিলিয়ে ১০ ম্যাচে মাত্র তিনটি জয়ে লিগ টেবিলে একেবারে শেষে থাকা দলটায় ফের বিপত্তি। লিগের বাকি ম্যাচগুলোতে ইউটিলিটি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর সার্ভিস পাবে না তারা। কুঁচকির চোটে অবশিষ্ট আইপিএল থেকে ছিটকে গেলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। গত দিল্লি ক্যাপিটালস ম্যাচে চোটের কারণে শেষ ওভারে বল করতে পারেননি ব্র্যাভো। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নেমেছিল সিএসকে। এবার চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলা হবে না অলরাউন্ড ক্রিকেটারের।
দল কিনলেন সালমান খানও
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কটা বেশ পুরনো। আবার ক্রিকেটে রুপালী পর্দার তারকাদের বিনিয়োগের গল্পটাও অনেক দিনের। শাহরুখ খান তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই জড়িয়ে আছেন। সঙ্গে জুহি চাওলা আর প্রীতি জিনতারাও রয়েছেন। এবার ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছেন আরেক বলিউড সুপার স্টার।
সালমান খান ও তার পরিবার থাকছে লঙ্কা প্রিমিয়ার লিগে। এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে দল কিনেছেন মুম্বাইয়ের এই প্রভাবশালী পরিবার। তাদের কেনা দলটির নাম ক্যান্ডি টাস্কার্স। এরমধ্যে দল গড়ার কাজও শুরু হয়েছে। বলা হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল খেলছেন সালমানের দলে। সঙ্গে থাকবেন কুশল পেরেরা, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ ও কুশল মেন্ডিসের মতো বড় তারকারাও।











































